ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার বুধবার শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।
আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ তারিখ আগামী ১১ নভেম্বর পর্যন্ত পেছানো হয়েছে।
আলোচিত এ মামলায় ১৩ বার তারিখ পেছানোর পর গত ২৮ অক্টোবর অভিযোগ গঠন হয়। একই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্রের ভিত্তিতে দুটি মামলা হিসেবে এটি চলছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিণ্টু, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি।
২৯ অক্টোবর ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতে অভিযোগ গঠনের পর বিচারক মো. মাসদার হোসেন বুধবার সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ ধার্য করেন।
সকালে আদালতের কার্যক্রমের শুরুতেই পিণ্টুর আইনজীবী এ দুই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টের রিভিশন দরখাস্ত আদালতে দাখিল করবেন বলে এক মাসের সময় আবেদন করেন।
দ্রুত বিচার আদালতে এক মাস সময় দেওয়ার বিধান নেই জানিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলী কাজী এম সাজওয়ার হোসেন বলেন, "এ সময় চাওয়াটা উদ্দেশ্যমূলক এবং তা বিচার বিলম্বিত করার অপপ্রয়াস।"
বিচারক মাসদার হোসেন রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, "আপনারা অভিযোগ গঠনের দিনই হাইকোর্টে যাওয়ার জন্য সময় চাইতে পারতেন। মামলার বিচারের এ অবস্থায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তিন দিনের বেশি সময় দেওয়ার সুযোগ নেই। আর এক মাস সময় দেওয়ার তো প্রশ্নই আসে না।"
পরে তিনি বিভিন্ন দিক বিবেচনায় সাক্ষ্য গ্রহণ শুরুর পরবর্তী তারিখ ১১ নভেম্বর ধার্য করেন।
এদিকে এ দুই মামলার পলাতক আট আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে বিভিন্ন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন- মোসলেহউদ্দিন জসিম, মশিহুর রহমান এবং মো. শাহজাহান।
বুধবার পিণ্টু, মুফতি হান্নানসহ এ মামলার ১৩ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলায় জামিনপ্রাপ্ত কিন্তু ২০০১ সালে রমনার বটমূলে বোমা হামলার মামলায় গ্রেপ্তার শাহাদাৎ উল্লাহ জুয়েলকেও আদালতে হাজির করা হয়। মামলার অপর আসামিরা পলাতক।
গ্রেনেড হামলার ওই ঘটনায় মতিঝিল থানায় উপ পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর গত ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১২২০ ঘ.
bdnews24