চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি কার্যালয়ের পাঁচ কর্মকর্তা ও কর্মচারিকে ঘুষ নেওয়ার অভিযোগে সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাদের কাছ থেকে এক লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সহকারী ভূমি কর্মকর্তা হাফেজ মোহাম্মদ, উপ-সহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ মো. তসলিম, এমএ ওয়াদুদ ও পঙ্কজ সেন এবং চতুর্থ শ্রেণীর কর্মচারি মো. হাসান।
কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মেজর জুলফিকার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে হাটহাজারীর চিকনদণ্ডীতে অবস্থিত উপজেলা ভূমি কার্যালয়ে দুদক সোমবার দুপুরে এ অভিযান চালায়।
ঘুষ নেওয়ার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জুলফিকার আলী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসকে/২৩০৭ঘ.
bdnews24