ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জেলহত্যা দিবস ৩ নভেম্বর সোমবার।
১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান।
'৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ সরকার উৎখাতকারী সেনাসমর্থিত চক্রান্তকারীরাই কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এ ধরনের হত্যাকাণ্ড ইতিহাসে বিরল।
বাংলাদেশের স্থপতি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার ঘনিষ্ঠ সহকর্মী চার জাতীয় নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তী অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ক্যু-পাল্টা ক্যু'র ধূম্রজালের মধ্যে ৩ নভেম্বর সংঘটিত হয় জেল হত্যাকাণ্ড।
জেলহত্যার পর দীর্ঘ ২১ বছর এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ রাখা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জেলহত্যা মামলা পুনরুজ্জীবিত করে। ১৯৯৮ সালের ১৫ অক্টোবর এ মামলায় আসামী লে. কর্নেল সৈয়দ ফারুক রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। শুধু সেনাসদস্য মোসলেউদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রেখে গত ২৮ আগস্ট হাইকোর্ট জেল হত্যা মামলার রায় দেয়। নিম্নআদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত অপর দুই আসামী মারফত আলী এবং আবুল হোসেন মৃধাকে খালাস দেওয়া হয়।
নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লে. কর্নেল এ.সি. (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল ই.বি. (অব্যাহতি) সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর আর্টিলারী (অব্যাহতি) মোঃ বজলুল হুদা, মেজর (অব:) একেএম মহিউদ্দিন আহাম্মদ এসি এই চারজনকেও খালাস দেওয়া হয়।
হত্যাকাণ্ডের সুদীর্ঘ ২৯ বছর পর এর বিচারে রায় হলেও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা এ রায়কে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনের রায়' আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেন। তাদের অভিযোগ, জেলহত্যার ষড়যন্ত্রের দায়ে কাউকে শাস্তি দেওয়া হয়নি।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচী নিয়েছে। মঙ্গলবার ভোর পাঁচটায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে আটটায় বনানী গোরস্থানে জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।
বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২২৪০ঘ.
bdnews24