২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নশীল দেশের জন্য এ নির্বাচন মানদণ্ড হবে: বান কি মুন

গণতান্ত্রিক উত্তরণে উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশের আসন্ন নির্বাচন একটি নতুন মানদণ্ড তৈরি করবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক উত্তরণে উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশের আসন্ন নির্বাচন একটি নতুন মানদণ্ড তৈরি করবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। রোববার তিনি বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে এক বৈঠকে জাতিসংঘ মহাসচিব এ কথা বলেন। বান কি মুন বলেন, "সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে। গণতান্ত্রিক উত্তরণে উন্নয়নশীল দেশগুলোর জন্য এ নির্বাচন একটি নতুন মানদণ্ড তৈরি করে দেবে।" বাংলাদেশের ইতহাসে এ নির্বাচন একটি নতুন বাঁকের সূচনা করবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টাকে তিনি জানান, নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য জাতিসংঘ খুব শিগগিরই একটি আগাম প্রতিনিধি দল পাঠাবে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি বিবেচনায় রাখার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান বান কি মুন। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের কাছে আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং গত দুই বছরে সরকারের বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের বিবরন তুলে ধরেন। ফখরুদ্দীন আহমদ বলেন, "আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।" বৈঠকে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী সৈন্যদের অংশগ্রহণের ইস্যুতেও আলোচনা হয়। অন্যান্যের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসাইন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইসমত জাহান ও মহাপরিচালক হামিদুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লিন পেস্কো, মহাসচিবের বিশেষ সহকারী ইয়োচোল উন ও বাংলাদেশে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/এসকে/২১৩৬ঘ.