চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার সর্বকালের সর্বোচ্চসংখ্যক ফরম বিক্রি হয়েছে।
ছয়টি ইউনিট ও দুটি ইন্সটিটিউটের ৩০৭৫টি আসনের বিপরীতে ভর্তি ফর্ম বিক্রি হয়েছে ১ লাখ ১১ হাজার ৭৭০টি। গত শিক্ষাবর্ষে ৯৮ হাজার ৪৪ টি ফর্ম বিক্রি হয়েছিল।
ভর্তি কমিটি জানায়, প্রতি আসনের বিপরীতে এবার ৩৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। ভর্তি ফরম বিক্রি বাবদ আয় হয়েছে মোট ৩ কোটি পাঁচ লাখ ৩১ হাজার টাকা। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে 'ঙ' ইউনিটে (আইন অনুষদ)। ওই অনুষদে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১১২ জন পরীক্ষার্থী। ১১৫টি আসনের জন্য ভর্তি ফর্ম বিক্রি হয়েছে ১২ হাজার ৯৩৮টি।
আগামী ১৬ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/টিএইচ/এসকে/২১২৯ঘ.
bdnews24