কক্সবাজার, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশি চার কাঠুরিয়াকে হত্যা করা হয়েছে। রোববার বিকেলে তাদের আত্মীয়-স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছ থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে।
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-নাসাকা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা সে ব্যাপারে বাংলাদেশ রাইফেলস-বিডিআর কর্মকর্তারা নিশ্চিত হতে পারেননি।
তবে হত্যাকাণ্ডের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিডিআরের নাইক্ষ্যংছড়ি অঞ্চলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবু নঈম।
বিডিআর কর্মকর্তা বলেন, "অবৈধভাবে মিয়ানমারের অভ্যন্তরে কাঠ কাটতে যাওয়ায় আমরা এ ব্যাপারে নাসাকা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।"
নিহত চার কাঠুরিয়া হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের সীমান্তবর্তী ডেইল পাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে আবদুল হক (৩৬), দুদু মিয়ার ছেলে নুরুল কবির (৩৫), আলী আহমদের ছেলে আহমদ শরীফ (৩৬) ও নমি উদ্দিনের ছেলে শামসুল আলম (২২)।
এরা শুক্রবার পাহাড়ে কাঠ কাটার জন্য বের হয়ে বাড়ি না ফেরায় রোববার আত্মীয়-স্বজন তাদের খোঁজে পাহাড়ে যান। বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪১ নম্বার পিলারের কাছে হাত-পা বাঁধা অবস্থায় চারজনের লাশ পাওয়া যায়।
কাঠুরিয়াদের খোঁজে পাহাড়ে যাওয়া ডেইল পাড়ার বাসিন্দা শামসুল আলম মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্ভবত ওই এলাকার পার্শ্ববর্তী ৪০ ফুট উচু পাহাড় থেকে ফেলে দিয়ে তাদের হত্যা করা হয়েছে।
তিনি জানান, লাশে পচন ধরতে শুরু করেছে, গন্ধও ছড়াচ্ছে।
আমাদের বান্দরবান প্রতিনিধি জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের আমতলী সীমান্তে মিয়ানমারের অন্তত আড়াই কিলোমিটার অভ্যন্তর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
রাতে স্থানীয় বাসিন্দা নুরুল আবছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারজনের লাশ উদ্ধার করে ঘুমধুম বিডিআর ক্যাম্পের সামনে রাখা হয়েছে।
উখিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, চার কাঠুরিয়ার লাশ উদ্ধারের সংবাদ শুনে একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে বিস্তারিত আর কিছু জানাতে পারেননি তিনি।
রাতে রাজা পালং ইউপি চেয়ারম্যান শাহ কামাল চৌধুরী জানান, চার কাঠুরিয়ার লাশ বাড়ি আনা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.
bdnews24