নাটোর, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে নাটোরে পুলিশের হাতে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্র রোববার জামিনে মুক্তি পেয়েছে।
গত শুক্রবার গ্রেপ্তার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীসহ মোট ১১জন। ওইদিনই নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়।
নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন রোববার তাদের জামিন মঞ্জুর করেন।
ওই ছয় শিক্ষার্থী হল- আরিফুর রহমান (২২), মেহেদী আলম (২২), কবীর হোসেন (২৪), নজরুল ইসলাম (২৩), মাহমুদ আলম (২৫) ও সোহরাব আলী (২৪)।
শিক্ষার্থীদের আইনজীবী শরিফুল হক মুক্তা জানান, জামিনের আদেশ হাতে পেয়ে জেলা কারাগার কর্তৃপক্ষ বিকেলে তাদের মুক্তি দেয়।
জামিন আবেদনের শুনানিতে শরিফুল হক মুক্তা আদালতকে জানান, জামিন প্রার্থীরা ছোট মানুষ। ওরা ভুল করে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছে। তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তাদের অনেকেরই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে।
আদালত উপ-পরিদর্শক (সিএসআই) আব্দুল্লাহ আল মামুন জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, "ছাত্রদের বিরুদ্ধে জামিন অযোগ্য অপরাধের অভিযোগ রয়েছে।"
দু'পক্ষের বক্তব্য শেষে আদালত ছাত্রদের জামিন মঞ্জুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24