ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সীমানা পুনর্র্নিধারণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট নাকচ করে দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ এ রায় দেয়।
রায়ের পরপরই নির্বাচন কমিশনের আইনজীবী শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"রায়ে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বৈধ বলে মত দিয়েছে। ভোটার তালিকার প্রশ্নে আদালত বলেছে, সীমানা নির্ধারণের সঙ্গে ভোটার তালিকার কোনো সম্পর্ক নেই।"
শাহদীন মালিক বলেন," এ রায়ের ফলে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণায় আর কোনো বাধা রইল না। কমিশন চাইলে যেকোনো সময় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে।"
রায় ঘোষণার পরপরই নির্বাচন কমিশন জরুরি এক বৈঠকে বসেছে। এর আগে কমিশন দুই তারিখ তফসিল ঘোষণার কথা বললেও আইনী জটিলতার কারণে তা বাস্তবায়ন করতে পারেনি।
এদিকে রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় সংসদের সীমানা পুনর্র্নিধারণ নিয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।"
রিটকারীর পক্ষের অপর কৌসুলি এ বি এম নুরুল ইসলাম বলেন, "হাইকোর্টের এ রায়ের ফলে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণায় কোন বাধা নেই। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা আলোচনা করেই সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদের সীমানা পুনর্র্নিধারণের বৈধতা নিয়ে রিটের শুনানি সপ্তমদিনের মত শেষ হয়।
সবেক বিমান প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নান গত ৬ আগস্ট সীমানা পুনর্র্নিধারণের বৈধতা নিয়ে রিট করেন।
এ আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট এ সংক্রান্ত গেজেটের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
পাশাপাশি সীমানা পুনর্র্নিধারণের গেজেট কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না- জানতে চেয়ে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি রুল জারি করা হয়।
একই বিষয় নিয়ে এ বি এম নুরুল ইসলাম ও আরিফুর রহমান নামে দু'জন আরও দুটি রিট করেন। সবগুলো রিটের একসঙ্গে শুনানি চলে।
জাতীয় সংসদের তিনশ' আসনের সীমানা পুনর্র্নিধারণ করে গত ১০ জুলাই চূড়ান্ত গেজেট জারি করা হয়।
নির্বাচন কমিশনের যুক্তি, ২০০১ সালের আদমশুমারির পর নিয়ম অনুযায়ী আসন সীমানা পুনর্র্নিধারণ অপরিহার্য হয়ে পড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমসিএইচ/এফএফ/জিএনএ/১২০০ ঘ.
bdnews24