ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী এলাকায় শনিবার রাতে রেহানা আকতার (৩২) নামের এক হত্যা মামলার বাদীকে এসিডে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পল্লবী থানার উপপরিদর্শক কামাল পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৮টার দিকে পল্লবী বিহারী ক্যাম্পের কাছে কয়েকজন সন্ত্রাসী রেহানার দিকে এসিড জাতীয় তরল ছুঁড়ে মারলে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।"
রেহানা পল্লবীর কলাবাগান বস্তির বাসা থেকে বিহারী ক্যাম্পে এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেহানার ছোট বোন লিপি গত মাসে খুন হন। এ ঘটনায় রেহনা পল্লবী থানায় একটি মামলা করেন। খালিল ও দেলোয়ার হোসেন দেলুসহ আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য রেহানাকে হুমকি দিয়ে আসছিল। ধারণা করা হচ্ছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার পরপরই দেলুকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/জেকে/০০২২ ঘ.
bdnews24