ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে 'সংঘাত ও সহিংসতার রাজনৈতিক সংস্কৃতিকে বিদায় দেয়ার সুযোগ হিসেবে দেখছেন সফররত জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
শনিবার তিনি বলেছেন, উন্নততর গণতন্ত্রে প্রত্যাবর্তনই এখন বাংলাদেশের সামনে সবচে বড় চ্যালেঞ্জ। আর নির্বাচিত সরকারের প্রধান কাজ হবে গণতন্ত্র ও সংস্কার কাজ আরো এগিয়ে নেওয়া।
রাতে হোটেল শেরাটনে জাতিসংঘ মহাসচিবের সম্মানে প্রধান উপদেষ্টার দেওয়া ভোজসভায় বান কি মুন এ কথা বলেন।
অনেক দেশ জাতিসংঘের শান্তি মিশনে অংশ নিতে অস্বীকার করলেও এ ব্যাপারে সহযোগিতা অব্যাহত রাখায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন এবং প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে ধন্যবাদ জানান।
স্বল্পোন্নত দেশগুলোর ফোরামের সভাপতি হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেন মন্তব্য করেন বান কি মুন।
তিনি বলেন, "বাংলাদেশের এখন সবচে বেশি প্রয়োজন- গণতন্ত্রে প্রত্যাবর্তনের একটি সুযোগ। আর নব নির্বাচিত সরকারকে সেই গণতন্ত্র ও সংস্কার কর্মসূচি আরো শক্তিশালী করতে হবে।
"সংঘাত ও সহিংসতার রাজনীতি বন্ধে এই নির্বাচন গোটা জাতি, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় সুযোগ।"
আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যথেষ্ট প্রস্তুতি নেয়া হয়েছে বলেও মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব।
বাংলাদেশের সামনে বৈশ্বিক উষ্ণায়ন, কৃষি উৎপাদন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির মতো বড় বড় চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে মহাসচিব বলেন, "বিশ্বের উষ্ণতা বাড়তে থাকায় এরইমধ্যে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও মাত্রা বেড়ে গেছে। আর বাংলাদেশ এমনিতেই দুর্যোগপ্রবণ দেশ।
"২০০৭ সালে দুই দফা বন্যা ও প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের সরকার ও জনগণ যেভাবে দ্রুত সাড়া দিয়েছে, তাতে আমি তাদের সালাম জানাই। তাদের এই তৎপর ভূমিকা বিশ্বে উদাহরণ হয়ে থাকবে।"
খাদ্য উৎপাদন বাড়াতে এবং বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলে উঠতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন বান কি মুন।
এর আগে রাতে হোটেল সোনারগঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে বান কি মুন সাংবাদিকের বলেন, "আমি আন্তরিকভাবে আশা করছি, এ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু; অবাধ ও বিশ্বাসযোগ্য হবে এবং বাংলাদেশের পূর্ণ গণতন্ত্রে প্রত্যাবর্তনের পথ সুগম করবে।
"আমার মনে হয়েছে, বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলো এ লক্ষ্যে ঘনিষ্টভাবে কাজ করবে।"
ভারত ও নেপাল সফর শেষে বান কি মুন শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে জাতিসংঘের একটি বিশেষ বিমানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
দু'দিনের সফরে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
মহাসচিব রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। তার আগে হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।
জাতিসংঘের চতুর্থ মহাসচিব হিসেবে বাংলাদেশ সফরে এলেন বান কি মুন। এর আগে কুর্ট ওয়াল্ডহেইম, হ্যাভিয়ার পেরেজ দ্য কোয়েলার ও কফি আনান বাংলাদেশ সফর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/জিএনএ/২৩১১ ঘ.
bdnews24