সিরাজগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্ধারিত সময়ে নির্বাচন না হলে সরকারের পতনের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তিনি বলেন, "বিতর্কিত নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন না হলে ১৯ ডিসেম্বর থেকে জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামব। অগণতান্ত্রিক এ সরকারের পতনের জন্য প্রয়োজনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গণ আন্দোলন হবে।"
শনিবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচী উপজেলার আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের দায়িত্বশীল নেতাদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদ এ কথা বলেন।
তিনি বলেন, "নির্বাচন কমিশন চারদলীয় জোটের দাবি মেনে না নিলে জামায়াত নির্বাচনে অংশ নেবে না।"
চারদল ক্ষমতায় গেলে জিনিসপত্রের দাম কমানো, দারিদ্র্য নিরসন এবং সন্ত্রাস দমনের আশ্বাস দেন মুজাহিদ।
বেলকুচী উপজেলা জামায়াতের আমির আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আলী আলম, অ্যাডভোকেট আব্দুল লতিফ, অধ্যক্ষ নুরনবী সরকার, নুরুল ইসলাম মাস্টার প্রমুখ।
এর আগে সকালে মুজাহিদ কামারখন্দ উপজেলায় অনুরূপ এক সমাবেশে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24