২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সন্ত্রাসী-পুলিশ সংঘর্ষে আহত চার

চট্টগ্রাম শহরের আতুরার ডিপো এলাকায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ চারজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শহরের আতুরার ডিপো এলাকায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ চারজন আহত হয়েছে। পুলিশ বলছে, 'তালিকাভুক্ত সন্ত্রাসী' ইকবাল হোসেন টারজানকে (২৮) নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে টারজানের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। সংঘর্ষে টারজানও গুলিবিদ্ধ হন। তার বাসা থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল আতুরার ডিপোর জঙ্গলখান এলাকা থেকে টারজনকে গ্রেপ্তার করে। থানায় এনে জিজ্ঞাসাবাদের সময় সে তার বাসায় অস্ত্র থাকার কথা স্বীকার করে। পুলিশ ওই রাতেই টারজানকে নিয়ে অভিযানে নামে। ওই পুলিশ কর্মকর্তা বলেন, "জঙ্গলখানে যাওয়ার পথে টারজানের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে টারজানের পায়ে গুলি লাগে এবং তিন পুলিশ সদস্য আহত হন।" আহত টারজানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং উপ পরিদর্শক আজিজ আহমদ, কনস্টেবল আমিনুল ইসলাম ও জসিম উদ্দিনকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, টারজানের বিরুদ্ধে পাঁচলাইশ ও বায়েজিদ থানায় হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ সাতটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধার ও সংঘর্ষের ঘটনায় শুক্রবার আরও দুটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/২২০০ ঘ.