২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে ঢাকায় দুজন গ্রেপ্তার

গাজীপুরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা পরিচয় দিয়ে বিভিন্ন পেশার শতাধিক লোকের কাছে ফোনে চাঁদাবাজির অভিযোগে শুক্রবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

গাজীপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা পরিচয় দিয়ে বিভিন্ন পেশার শতাধিক লোকের কাছে ফোনে চাঁদাবাজির অভিযোগে শুক্রবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ ঢাকার সেনপাড়া পর্বতা এলাকার এক বাসা থেকে মুকুল খান (৩৫) নামের এ ব্যক্তিকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তার বড় ভাই ইয়ার আলী খানকেও (৩৮) গ্রেপ্তার করা হয়। মুকুল পুলিশকে জানিয়েছেন, তাদের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কৃষ্ণপুর গ্রামে। তিনি স্থানীয় মাদ্রাসার শিক্ষক আমীর হোসেন খানের ছেলে। শুক্রবার সন্ধ্যায় জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদের কক্ষে সাংবাদিকদের কাছে মুকুল খান তার অপকর্মের কথা স্বীকার করেন। তিনি পুলিশকে জানান, টেলিফোন ডাইরেক্টরি থেকে তিনি গাজীপুরের বিভিন্ন পেশাজীবীর ল্যান্ড ফোন নম্বর সংগ্রহ করেন। পরে ওই নম্বরে ফোন করে গৃহকর্ত্রীর কাছ থেকে কৌশলে গৃহকর্তার মোবাইল নম্বর, পরিবারের সদস্যদের তথ্য ও ছেলে মেয়ের নাম এবং কোন স্কুলে পড়ে তা জেনে নিতেন। পরবর্তীতে মোবাইল ফোনে নিজেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা 'মহিউদ্দিন' পরিচয় দিয়ে চাঁদা দাবি করতেন। অন্যথায় ছেলে মেয়েকে অপহরণ করে হত্যার হুমকি দিতেন। মুকুল খান স্বীকার করেন, গাজীপুরের চারটি পরিবারের কাছ থেকে তিনি এভাবে ফোনে হুমকি দিয়ে ১৩ হাজার টাকা আদায় করেছেন। মুকুলের কথা মতো ওইসব পরিবার করোতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাজীপুর থেকে টাকা পাঠিয়েছে। ওই কুরিয়ারের মিপুর শাখা থেকে তিনি টাকা গ্রহণ করেছেন। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, মুকুলের ব্যবহার করা একাধিক মোবাইল ফোনের সিমের সূত্র ধরে তার মামা আতিয়ার রহমান বাদশার খোঁজ পায় পুলিশ। বাদশা ভাষানটেক ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিম খানার অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত। তার কাছ থেকে কৌশলে মুকুলের ঠিকানা নিয়ে শুক্রবার সকালে কাফরুল থানাধীন পর্বতা এলাকার ভাড়া বাসা থেকে বড় ভাইসহ তাকে গ্রেপ্তার করা হয়। জয়দেবপুর থানার অপর উপ পরিদর্শক নাজমুল ইসলাম খান জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩১ ঘ.