ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনুপম ত্রিপুরা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই জেলা পরিষদের চেয়ারম্যান মনীন্দ্রলাল ত্রিপুরাকে শুক্রবার বিকেলে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকেল পাঁচটার দিকে তেজগাঁও থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকা থেকে তেজগাঁ পুলিশ ও গোয়েন্দা পুলিশের সহযোগিতায় খাগড়াছড়ি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, "খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনুপম ত্রিপুরা হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনীন্দ্রলালকে গ্রেপ্তার করা হয়েছে।"
মাসুদুর রহমান জানান, গত ১৪ জুলাই অনুপম ত্রিপুরার রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই খাগড়াছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই হত্যা মামলার গ্রেপ্তারকৃত চার আসামীর জবানবন্দী অনুযায়ী মনীন্দ্রলাল ত্রিপুরাকে গ্রপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জিএনএ/২০১৮ ঘ.
bdnews24