২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় উদীচীর সম্মেলনে যুদ্ধাপরাধীদের প্রতিহত করার অঙ্গীকার

আসন্ন সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের প্রতিহত করার অঙ্গীকারের মধ্য দিয়ে বৃহস্পতিবার উদীচী বরগুনা জেলা সংসদের নবম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

বরগুনা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের প্রতিহত করার অঙ্গীকারের মধ্য দিয়ে বৃহস্পতিবার উদীচী বরগুনা জেলা সংসদের নবম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরগুনা শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে সকাল ১১ টায় দোতারা বাজিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জেলা উদীচীর প্রবীণ সদস্য বাবু কাশিশ্বর রায়। সম্মেলন উদ্বোধনের পর একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উদীচী বরগুনা জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নাট্য সম্পাদক অমিত রঞ্জন দে। বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরগুনা জেলা সম্পাদক কমরেড আবদুল হালিম। বক্তারা বলেন, আন্দোলনের মাধ্যমে একাত্তরের ঘাতক রাজারকার, আল-বদর নেতাদের উৎখাত করা হবে। আসন্ন সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের প্রতিহত করার অঙ্গীকার করেন তারা। বক্তারা যুদ্ধাপরাধীদের পরিচালিত দলকে নিবন্ধন না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের আহবায়ক আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মোতালেব মিয়া, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূবন চন্দ্র হাওলাদার, বরগুনা থিয়েটারের পরিচালক বাবু সুখরঞ্জন শীল, বরগুনা খেলাঘরের সভাপতি চিত্তরঞ্জন শীল ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাবুল সাহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.