২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির মেয়াদ না বাড়লে ফের কারাগারে যেতে হবে হাসিনাকে

সুপ্রিম কোর্ট জামিনের আবেদন খারিজ করায় শেখ হাসিনাকে ফের কারাগারে যেতে হতে পারে। আগামী মাসের প্রথম সপ্তাহেই তার দেশে ফেরার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 08:54 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট জামিনের আবেদন খারিজ করায় শেখ হাসিনাকে ফের কারাগারে যেতে হতে পারে। আগামী মাসের প্রথম সপ্তাহেই তার দেশে ফেরার কথা রয়েছে। তবে বর্তমানে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত আওয়ামী লীগ সভানেত্রীর মুক্তির মেয়াদ বাড়ানো হলে তাকে কারাগারে ফিরতে হবে না। আগামী ৬ নভেম্বর তার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ব্যবসায়ী নূর আলীর করা চাঁদাবাজি মামলায় জামিন চেয়ে হাসিনার করা আবেদন বৃহস্পতিবার নাকচ করে সুপ্রিম কোর্ট। হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আদালতের ওই সিদ্ধান্তকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিন না পেলেও দেশে ফিরলে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে না, যদি সরকার তার প্যারোলের মেয়াদ বাড়ায়। প্যারোলের মেয়াদ বাড়ালে তিনি মুক্ত থাকবেন। তবে সরকার তার প্যারোল বাতিল করলে শেখ হাসিনাকে কারাগারে যেতে হতে পারে।" শেখ হাসিনা নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়ে আসছেন। দলটির পরিবেশ বিষয়ক সম্পাদক এবং হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ যুক্তরাষ্ট্র থেকে ফিরে গত ২৩ অক্টোবর সাংবাদিকদের বলেন, "চলতি মাসের ১৭ তারিখে ডাক্তারের সঙ্গে হাসিনার অ্যাপয়েন্টমেন্ট থাকলেও পরে তা পিছিয়ে অক্টোবরের ২৯ তারিখ করা হয়েছে। তিনি নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন।" গত ৫ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে আওয়ামী লীগ সভানেত্রীর মুক্তির মেয়াদ ৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। ১১ মাস কারাবন্দি থাকার পর গত ১১ জুন চিকিৎসার জন্য শেখ হাসিনাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। মুক্তির পরদিনই তিনি যুক্তরাষ্ট্র যান। শেখ হাসিনাকে গত বছরের ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ নির্বাচনের আগেই শেখ হাসিনার স্থায়ী মুক্তি দাবি করে আসছে। দলীয় সভানেত্রীকে ছাড়া নির্বাচনে না যাওয়ার হুমকিও রয়েছে তাদের। ব্যারিস্টার শফিক বলেন, "নূর আলীর মামলায় হাসিনার জামিন আবেদন খারিজ করার কোনও কারণ ছিল না। মামলার পুলিশ প্রতিবেদনও এখনও দেওয়া হয়নি।" তিনি জানান, আজম জে চৌধুরীর মামলা ও মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় মামলায় হাসিনা জামিনে রয়েছেন। নাইকো ও ভাসমান বিদ্যুত কেন্দ্র দুর্নীতি মামলায়ও তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ রয়েছে হাইকোর্টের। শুধু নূর আলীর মামলায়ই আওয়ামী লীগ সভানেত্রীর জামিন নেই। গত বছর গ্রেপ্তার হওয়ার পর সংসদ ভবন প্রাঙ্গণের একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে সেখানে শেখ হাসিনাকে রাখা হয়। একই সময় পাশের অরেকটি বিশেষ কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া গত মাসে জামিনে ছাড়া পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৪৪৭ ঘ.