২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রকল্প প্রস্তাব 'আইনগত জটিলতার কারণে' আবার ফেরত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার প্রকল্পের ঠিকাদার নির্বাচন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন না করে বুধবার তা মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 05:10 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার প্রকল্পের ঠিকাদার নির্বাচন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন না করে বুধবার তা মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে কমিটির এ বৈঠক হয়। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আইনগত জটিলতার কারণে প্রস্তাবটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।" তিনি বলেন, "এর আগে একবার এ প্রকল্পের দরপত্র অনুমোদন সংক্রান্ত প্রস্তাব বাতিল করেছিল যোগাযোগ মন্ত্রণালয়। এরপর দ্বিতীয় দফা দরপত্র ডাকা হয়, কিন্তু সেটিও বাতিল হয়ে যায়। হাইকোর্টের আদেশে মন্ত্রণালয়ের ওই আদেশ স্থগিত রয়েছে। এ কারণেই ঠিকাদার নিয়োগের এ প্রস্তাব কমিটি অনুমোদন করেনি।" প্রকল্পের প্রথম দরপত্রটি ডাকা হয় ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে। এতে ছয়টি বিদেশি ও ১০টি স্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে যাচাই-বাছাই (টেকনিক্যাল) কমিটি সাতটি স্থানীয় ও তিনটি বিদেশি প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। এর প্রায় সাত মাস পর ২০০৭ সালের এপ্রিলে কোনো কারণ না দেখিয়েই দরপত্র বাতিল করা হয়। সবচেয়ে বেশি দরদাতা ন্যাশনাল-নাভানা কন্সট্রাকশনস একটি আপত্তির সূত্রে মন্ত্রণালয় দ্বিতীয় দরপত্রটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। সাত দিনের মধ্যে বিজয়ী দরদাতাদের নিরাপত্তা জামানত পরিশোধ করার যে শর্ত দরপত্রে ছিল ন্যাশনাল-নাভানা কন্সট্রাকশনস তাকে সরকারি ক্রয় নীতিমালার (পিপিআর) পরিপন্থী আখ্যা দিয়ে আপত্তি তোলে। তবে পিপিআর এর রচয়িতা কেন্দ্রীয় ক্রয় ও কারিগরী শাখা (সিপিটিইউ) এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে বলেছিল, বিশেষ ধরণের প্রয়োজনে পিপিআর বিধিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নয় এমন পরিবর্তন বা সংযোজনের সুযোগ রয়েছে। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়। দরপত্র বাতিল ও কার্যাদেশ স্থগিতের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে মন্ত্রণালয়কে নির্দেশ দেয় হাইকোর্ট। আরেক আবেদনের পরিপ্রেক্ষিতে রিটটির দ্রুত নিষ্পতির জন্য হাইকোর্টকে আদেশ দেয় আপিল বিভাগ। এ অবস্থায় তৃতীয় আরেকটি দরপত্র ডাকা হলে, সময়ের পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের হিসাব অনুযায়ীই প্রকল্পের খরচ আরো প্রায় সাড়ে তিনশ' কোটি টাকা বেড়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এআরএইচ/জেকে এসকে/২৩০১ঘ.