ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বায়ত্বশাসিত ও স্বাধীন তথ্য কমিশন গঠনের কাজ শুরু করার জন্য সরকারের এখনই উদ্যোগ গ্রহণ করা উচিত বলে মনে করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল।
বুধবার এক সেমিনারে তিনি বলেন, " তথ্য অধিকার অধ্যাদেশের যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে স্বায়ত্বশাসিত ও স্বাধীন তথ্য কমিশন গঠনের কাজ শুরু করার জন্য দেরি না করে সরকারের এখনই উদ্যোগ গ্রহণ করা উচিত।"
বেসরকারি সংগঠন আর্টিকেল ১৯ 'তথ্য অধিকার অধ্যাদেশ বাস্তবায়ন: সামনে এগিয়ে চলার কৌশল অনুসন্ধান' বিষয়ক এ সেমিনারের আয়োজন করে। ফিদা এম কামাল এতে প্রধান অতিথি ছিলেন।
বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সেমিনারে মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন বলেন, ঘোষিত তথ্য অধিকার অধ্যাদেশে ২০টি বিষয়ে বিধিনিষেধ আছে। অন্যান্য দেশের মতো জনস্বার্থে এই তথ্যগুলোও প্রকাশের দাবি জানান তিনি।
অধ্যাপক আসিফ নজরুল তথ্য অধিকার কমিশনকে স্বায়ত্বশাসিত ও স্বাধীন করার লক্ষ্যে 'তথ্য অধিকার ফান্ড' গঠনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অতিথি বক্তা হিসেবে তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব খুরশিদ আলম জানান, সরকার ইতিমধ্যে তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য আগামী ৯০ দিনের কর্ম পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে আছে তথ্য কর্মকর্তাদের নিয়োগ, বাছাই কমিটি গঠন, বিধিমালা ও বাজেট প্রণয়ন।
তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব একেএম মোহাম্মদ হোসেন বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া তথ্য অধিকার আইনের বাস্তবায়ন কোনভাবেই সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইস্তেহারে তথ্য অধিকার অধ্যাদেশ বাস্তবায়নের বিষয়টি যুক্ত করা উচিত বলে মনে করেন তিনি।
আরেক অতিথি বক্তা বিশ্বব্যাংকের প্রতিনিধি অ্যাড কম্পোস বলেন, এই আইনের সফলতা ও ব্যর্থতা নির্ভর করবে তথ্য কমিশনের দক্ষতা, সরকারের তথ্য সরবরাহের সামর্থ্য ও স্তরায়িত বাস্তবায়নের কৌশল নির্ধারণের ওপর।
আর্টিকেল ১৯-এর দেশীয় পরিচালক তাহমিনা রহমানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন ব্যারিস্টার তানজীব-উল-আলম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, অধ্যাপক ড. শামীম রেজা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/২২০১ঘ.
bdnews24