২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন দুলু, টুকু ও মামুন

বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পৃথক কয়েকটি মামলায় যথাক্রমে ছয় ও তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পৃথক কয়েকটি মামলায় যথাক্রমে ছয় ও তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকেও জামিন দেওয়া হয়েছে। এছাড়া, পাঁচটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় দুলুর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি শেখ আবদুল আউয়ালের বেঞ্চ তার ছয় মাসের জামিন মঞ্জুর করে। দুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় পাওয়া সাজার বিরুদ্ধে ইকবাল হাসান মাহমুদ টুকুর আপিল ও জামিন আবেদনের ওপর শুনানি করে তাকে তিন মাসের জামিন দেয় বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের বেঞ্চ। গত বছরের ১৫ নভেম্বর বিশেষ জজ আদালত সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে এ মামলায় ৯ বছরের কারাদণ্ড দেন। টুকুর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আহসানুল করিম। এছাড়া, অস্ত্র মামলায় ১০ বছরের সাজা পাওয়া তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. আরায়েসউদ্দিন ও বিচারপতি আবু তারিকের বেঞ্চ সাজার বিরুদ্ধে মামুনের আপিল ও জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। মামুনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান ও ব্যারিস্টার ফকরুল ইসলাম। একই দিনে চাঁদাবাজির চারটি ও দুর্নীতির একটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের জামিন বহাল রাখে প্র্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। আদালত আমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের জন্য সরকার ও দুর্র্নীতি দমন কমিশনের আবেদন খারিজ করে দেয়। আমানের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৮৪১ঘ.