২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে বাধা সংবিধানবিরোধী: নজরুল

নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্তদের নির্বাচনের বাইরে রাখা বা অযোগ্য ঘোষণার বিধানকে সংবিধানের সঙ্গে অসঙ্গিতপূর্ণ দবি করে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বলেছেন, এ রকম দণ্ডপ্রাপ্তদের মামলার বিষয়টি উচ্চতর আদালতে নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত নির্বাচনে তাদের অংশগ্রহণের সুয়োগ রাখতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 11:04 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্তদের নির্বাচনের বাইরে রাখা বা অযোগ্য ঘোষণার বিধানকে সংবিধানের সঙ্গে অসঙ্গিতপূর্ণ দবি করে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বলেছেন, এ রকম দণ্ডপ্রাপ্তদের মামলার বিষয়টি উচ্চতর আদালতে নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত নির্বাচনে তাদের অংশগ্রহণের সুয়োগ রাখতে হবে। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্তদের উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, "আপিল করার সুযোগ না দিয়ে দণ্ডপ্রাপ্তকে নির্বাচন থেকে বাইরে রাখা বা অযোগ্য ঘোষণা করা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটি মানুষের মৌলিক অধিকার খর্ব করার শামিল। তবে উচ্চতর আদালতে নিম্ন আদালতের রায় বহাল থাকলে আমাদের বলার কিছু নেই।'' এর একদিন আগে সোমবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানও নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্তদের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন তাদের অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান। নজরুল ইসলাম খান ১৮ ডিসেম্বরে সংসদ নির্বাচনে অংশ নিতে তার দলের প্রস্ততির কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, "সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে আমরা অংশ নিতে প্রস্তুত রয়েছি। বিএনপি একটি নির্বাচনমুখী দল। সে অনুযায়ী দলীয় প্রস্তুতি চলছে। তবে সীমানা নির্ধারণ নিয়ে উচ্চতর আদালতে করা মামলার নিষ্পত্তি না হলে সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হবে কিনা- তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। আমাদের মধ্যেও অনিশ্চয়তা কাজ করছে। আসনের সীমানাটা কী- তাই তো আমরা জানি না।'' সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাবেক সাংসদ শাহ নুরুল কবির শাহিন, খায়রুল কবীর খোকন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/জিএনএ/১৬৫৫ ঘ.