২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মেয়র মহিউদ্দিন

চিকিৎসার জন্য বুধবার ব্যাংকক গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। যাওয়ার আগে বৃহত্তর চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংসদ নির্বাচনের নির্দেশনা দিয়ে গেছেন তিনি। আওয়ামী লীগের এই নেতা বলেছেন, চিকিৎসা শেষে ফিরে মাঠে নামবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য বুধবার ব্যাংকক গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। যাওয়ার আগে বৃহত্তর চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংসদ নির্বাচনের নির্দেশনা দিয়ে গেছেন তিনি। আওয়ামী লীগের এই নেতা বলেছেন, চিকিৎসা শেষে ফিরে মাঠে নামবেন। সিটি কর্পোরেশনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ জানাতে চট্টগ্রাম নগর ভবনে দুটি অভিযোগ বাক্স খোলা হয়েছে বলেও জানিয়েছেন মহিউদ্দিন চৌধুরী। দুপুর ২টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি বিমানে চড়ে থাইল্যান্ডের ব্যাংকক রওনা হন মেয়র মহিউদ্দিন। স্ত্রী হাসিনা মহিউদ্দিনও তার সঙ্গে রয়েছেন। মেয়র স্পাইনাল কর্ডের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। বিমানবন্দর রওনা হওয়ার আগে নগরীর চশমা হিলের বাসায় মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের পরিকল্পিত লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করলে চট্টগ্রামের অধিকাংশ আসনে আমাদের জয়ী হওয়া সম্ভব।" "নির্বাচন নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। চিকিৎসা শেষে ফিরে আসার পর প্রয়োজন হলে মাঠে নামব।" এক বছর সাত মাস কারাভোগের পর মেয়র মহিউদ্দিন গত ৮ অক্টোবর জামিনে মুক্তি পান। মুক্তির পরপরই তিনি নিজের চিকিৎসা এবং ক্যান্সার আক্রান্ত মেয়ে টুম্পাকে দেখতে বিদেশ যাওয়ার অনুমতি চান। কিন্তু গত ১৭ অক্টোবর ব্যাংকক যাওয়ার পথে চট্টগ্রাম বিমানবন্দরেই মেয়ের মৃত্যু সংবাদ পান তিনি। মেয়েকে জীবিত দেখতে না পাওয়ায় ক্ষোভ জানিয়ে মহিউদ্দিন বলেন, "বিদেশ যেতে অনুমতি দিতে দেরি করে সরকার জঘন্যতম অপরাধ করেছে। আমি আমার মৃত্যুপথযাত্রী মেয়েকে জীবিত অবস্থায় দেখে যেতে পারিনি।" আইনি জটিলতার কারণে কারামুক্তির পরও মেয়রের দায়িত্ব বুঝে পাননি মহিউদ্দিন। ওয়ার্ড কাউন্সিলর এম মনজুর আলম বর্তমানে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত মেয়রের সঙ্গে কোনও দ্বন্দ্ব নেই জানিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, "আমি এখনও দায়িত্ব নিইনি। সুতরাং দ্বন্দ্বের কোনও অবকাশ নেই।" দায়িত্ব বুঝে না দেওয়ার বিষয়ে বিদেশ থেকে ফিরে আইনি লড়াই চালাবেন বলে তিনি জানান। মেয়র বলেন, "চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকাণ্ডে অচলাবস্থার কারণে দায়িত্ব না নেওয়া সত্ত্বেও নির্বাচিত মেয়র হিসেবে কাউন্সিলর ও কর্মকর্তাদের ডেকে নির্দেশনা দিয়েছি। কর্পোরেশনে দুর্নীতি ও অনিয়ম বেড়ে যাওয়ায় নগর ভবনে সর্বসাধারণের জন্য দুটি অভিযোগ বাক্স খোলা হয়েছে।" মহিউদ্দিনের বিরুদ্ধে বর্তমানে ১৪টি মামলা রয়েছে। গত সপ্তাহে দুটি মামলার অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫২২ ঘ.