ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা রাজধানীর ওয়ারিতে মঙ্গলবার রাতে শাহ মো. মুরাদ (২২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে।
এই ঘটনায় আরো দু'জন আহত হয়েছে।
সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আটটার দিকে ২/৩ জন সন্ত্রাসী ওয়ারির ২৩ নম্বর ফোল্ডার স্ট্রিটের 'ইলিশ পরিবহন' অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। ফলে ঘটনাস্থলেই কর্মচারী শাহ মো. মুরাদ মারা যায়। মাহবুব (৩৫) এবং টিপু (৩৭) নামে দুইজন আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা ইলিশ পরিবহনের মালিকের কাছে প্রায় এক মাস আগে টেলিফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। তারা সোমবারও টেলিফোনে ওই টাকা দাবি করে। চাঁদা না পেয়েই সন্ত্রাসীরা এই হত্যার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তোফাজ্জাল হোসেন জানান, কারা এজন্য দায়ী সে ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২৩৩১ঘ.
bdnews24