২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবার পরিকল্পনা কার্যক্রম সফল করতে প্রচারণা জোরদারের নির্দেশ

পরিবার পরিকল্পনা কার্যক্রম সফল করতে প্রচারণা কাজ জোরালো করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ড. এ এম এম শওকত আলী। মঙ্গলবার এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবার পরিকল্পনা কার্যক্রম সফল করতে প্রচারণা কাজ জোরালো করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ড. এ এম এম শওকত আলী। মঙ্গলবার এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জাতীয় জনসংখ্যা পরিষদের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভায় উপদেষ্টা এই নির্দেশ দেন। তিনি বলেন, "জনসংখ্যা কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এখন থেকে প্রতিটি মুহূর্তকে সর্বোত্তমভাবে কাজে লাগাতে হবে।" বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচারণার জন্য সঠিক তথ্য চিহ্নিত ও তা সঠিকভাবে উপস্থাপনের জন্য তথ্য-যোগাযোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। পরিবার পরিকল্পনা কার্যক্রমে কম সফল এলাকাগুলোতে সাফল্যের জন্য তিনি সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্ব সুসমন্বিত করা এবং যেসব এলাকায় প্রত্যাশিত সাফল্য পাওয়া গিয়েছে তা ধরে রাখার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কর্ম পরিকল্পনা গ্রহণেরও নির্দেশ দেন। গত ৩০ জুন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে জাতীয় জনসংখ্যা পরিষদের এক সভায় ২৫ সদস্যবিশিষ্ট নতুন এই নির্বাহী কমিটি গঠিত হয়। এই কমিটি বছরে চার বার সভা করে জনসংখ্যা বিষয়ে গৃহীত কর্ম পরিকল্পনা এবং জাতীয় জনসংখ্যা পরিষদের সুপারিশ ও পরামর্শগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে পরিষদে উপস্থাপন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/২২১৩ঘ.