চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগারগুলোতে বন্দিদের অস্বাভাবিক চাপ কমানোর অংশ হিসাবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আরও ১৫ জনকে মুক্তি দেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি।
মঙ্গলবার সকালে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কমিটি এ পর্যন্ত তিন দফায় ৫৫ বন্দিকে মুক্তি দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে দুই দফায় ৩২ জন মুক্তি পেয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের কারাগারগুলোতে কয়েদি ও সাজাপ্রাপ্তদের চাপ কমাতে চলতি বছরের এপ্রিল মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অক্ষম, অচল, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত,; লঘু অপরাধে দণ্ডিত এবং যারা অর্ধেকেরও বেশি সময় সাজা ভোগ করেছেন তাদের মুক্তি দেওয়ার উদ্যোগ নেয়। এ লক্ষ্যে প্রত্যেক জেলায় মুক্তিযোগ্য বন্দিদের তালিকা তৈরি ও সুপারিশের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও কারাধ্যক্ষকে সদস্য সচিব করে একটি করে কমিটি করা হয়।"
আতাউর রহমান জানান, মঙ্গলবারের বৈঠকে চট্টগ্রাম কারাগারে আটক মুক্তিযোগ্য আরও ১৫ জন বন্দির তালিকা করা হয়েছে। মুক্তিযোগ্য বন্দিদের অনুমোদিত তালিকা বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
"স্বরাষ্ট্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বন্দিদের আগামী ঈদ-উল-আজহা ও বিজয় দিবসে মুক্তি দেওয়া হবে। কমিটি এ পর্যন্ত তিন দফায় ৫৫ বন্দিকে মুক্তি দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে দুই দফায় ৩২ জনকে মুক্তি দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বরের বৈঠকে সুপারিশকৃত ২৩ জনের মুক্তির অনুমোদন এখনও মন্ত্রণালয় থেকে আসেনি।"
কমিটির সদস্য ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তির জন্য সুপারিশকৃতদের তালিকায় সর্বোচ্চ পাঁচ বছরসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বন্দি আছেন। তাদের প্রত্যেকেই ইতোমধ্যে অর্ধেক সাজা ভোগ করেছেন। মুক্তির ক্ষেত্রে বন্দি থাকাকালীন আচরণসহ অন্যান্য বিষয়ও বিবেচনা করা হয়েছে।"
চট্টগ্রাম কারাগারে ধারণ ক্ষমতা ২ হাজার ৩০০ জন হলেও মঙ্গলবার বিকাল পর্যন্ত বন্দির সংখ্যা ৬ হাজার ২৮০ জন ছিল বলে কারা কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/এমআই/১৯১২ ঘ.
bdnews24