ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময় ৬ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাক্সিক্ষত আয়কর রিটার্ন জমা না পড়ায় এর মেয়াদ ৩১ অক্টোবর থেকে ৬ দিন বাড়িয়ে ৬ নভেম্বর পর্যন্ত করা হয়েছে"।
এর আগে সকালে আবদুল মজিদ অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে দেখা করে সময় বাড়ানোর অনুমোদন নেন।
প্রতি কর বছরেই (অর্থ বছর) আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া থাকে। ২০ সেপ্টেম্বর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করে এনবিআর। এবার দ্বিতীয় দফায় আরো ৬ দিন বাড়ানো হলো।
এবার কম রিটার্ন জমা পড়ার বিষয়ে আবদুল মজিদ বলেন, "শেষ সময়ে এসে সব কিছু করা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। সবাই শেষ সময়ের জন্য বসে থাকে। রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে।"
তিনি জানান, আয়কর অধ্যাদেশ অনুযায়ী কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কারণে বর্ধিত সময়সীমার মধ্যেও যদি আয়কর রিটার্ন জমা দিতে না পারে তাহলে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর্মকর্তার কাছে আবেদন করে সময় আরও কিছুদিন বাড়াতে পারেন।
তবে তার জন্য অবশ্যই উপযুক্ত কারণ দেখাতে হয় হবে বলে আবদুল মজিদ জানান।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বর) করদাতার সংখ্যা ২০ লাখ। এর মধ্যে গত ১৫ অক্টোবর পর্যন্ত ৯২ হাজার করদাতা তাদের আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। আর এ থেকে সরকার কর (ট্যাক্স) পেয়েছে ৪২০ কোটি টাকা।
সোমবার পর্যন্ত রিটার্ন জমা দেওয়া করদাতার সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে বলে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
২০০৭-০৮ অর্থবছরে ৬ লাখ ৪০ হাজার করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন। এ থেকে সরকার ট্যাক্স পেয়েছিল ৭৩৯ কোটি টাকা। ২০০৬-০৭ অর্থবছরে আয়কর বিবরণী জমা দেওয়া ৫ লাখ ৩০ হাজার ব্যক্তির কাছ থেকে কর এসেছিল ২৫২ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/১৪০০ ঘ.
bdnews24