২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় শ্রমিক ধর্মঘটে পাট পরিবহন ব্যাহত

জুট প্রেস অ্যাণ্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ধর্মঘটের কারণে খুলনা থেকে নৌপথে মংলায় পাট পরিবহন পাঁচদিন ধরে বন্ধ রয়েছে। এ কারণে মংলা বন্দরে পাটজাত পণ্য নিতে আসা দুটি জাহাজ এক সপ্তাহেরও বেশি সময় অলস বসে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

বাগেরহাট, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুট প্রেস অ্যাণ্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ধর্মঘটের কারণে খুলনা থেকে নৌপথে মংলায় পাট পরিবহন পাঁচদিন ধরে বন্ধ রয়েছে। এ কারণে মংলা বন্দরে পাটজাত পণ্য নিতে আসা দুটি জাহাজ এক সপ্তাহেরও বেশি সময় অলস বসে আছে। মজুরি বৃদ্ধির দাবিতে দৌলতপুর-খুলনা অঞ্চলের জুট প্রেস অ্যাণ্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা গত বৃহস্পতিবার থেকে এই ধর্মঘট শুরু করেছে। খুলনার ১৪টি জুট প্রেস এবং শতাধিক বেলিং কম্পানিতে ১২ হাজারেরও বেশি শ্রমিক কর্মরত রয়েছে। জুট প্রেস অ্যাণ্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শেখ মনিরুজ্জামান জানান, বাংলাদেশ জুটার্স অ্যাসোসিয়েশনের (বিজেএ) সঙ্গে তাদের মজুরি সংক্রান্ত চুক্তির মেয়াদ ২০০৬ সালের অক্টোবর মাসে শেষ হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদর মজুরি বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে বারবার তাগাদা দিয়েও কোনো ফল না হওয়ায় তারা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। মংলা বন্দর ও সংশ্লিষ্ট শিপিং এজেন্টরা জানান, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার মায়া গত ১৮ অক্টোবর এবং সেন্ট ভেনসনের পতাকাবাহী জাহাজ এমভি সিরিয়া স্টার গত ২৬ অক্টোবর পাট নিতে মংলা বন্দরে আসে। পাট নিয়ে 'বাংলার মায়া' করাচি বন্দরে এবং 'সিরিয়া স্টার' আবিদজান বন্দরে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের খুলনা কার্যালয়ের মহাব্যবস্থাপক এম.এ. আলিম এবং এমভি সিরিয়া স্টারের শিপিং এজেন্ট ইউনাইটেড কার্গো সার্ভিসেস লি. এর খুলনার ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, জাহাজ বন্দরে থাকলে প্রতিদিন তাদের এক লাখ টাকার বেশি ক্ষতি হয়। সময়মতো মাল শিপমেন্ট করতে না পারায় আন্তর্জাতিক বাজারে মংলা বন্দরের সুনাম নষ্ট হচ্ছে বলেও জানান তারা। বিজেএ নেতা আলহাজ্ব শেখ আব্দুল মান্নান ও আলহাজ্ব শরীফ মো. ফজলুর রহমানের বরাত দিয়ে শিপিং এজেন্টদের এই দুই কর্মকর্তা জানান, শ্রমিকরা মজুরি বৃদ্ধির বিষয়ে বিজেএকে কোনো ছাড় দিতে রাজি হচ্ছে না। তা ছাড়া বিষয়টি এখন খুলনায় যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে মীমাংসার অপেক্ষায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৮ ঘ.