ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাস আটকাদেশের কারণে জামিন পাওয়ার পরও মুক্তি পাচ্ছেন না সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।
কারাগারের মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লুৎফুজ্জামান বাবরের এক মাসের আটকাদেশের কাগজ আমরা হাতে পেয়েছি। এর আগে বিভিন্ন মামলায় পাওয়া তার জামিনের কাগজও আমাদের হাতে এসেছে। আটকাদেশের কাগজ হাতে না এলে তিনি জামিনে মুক্তি পেতেন।"
কারাগারের উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী জানান, "রোববার সন্ধ্যার দিকে লুৎফুজ্জামান বাবরের এক মাসের আটকাদেশের কাগজ কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছে। এ কারণে তিনি মুক্তি পাচ্ছেন না। এর আগে পাঁচটি মামলায় তার জামিনের কাগজ আমরা পেয়েছিলাম।"
গত বছরের ২৮ মে গুলশানের বাসা থেকে বাবরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সে সময় তার শোবার ঘর তল্লাশি করে চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি রিভলবার ও ২৫ রাউন্ড গুলির লাইসেন্স না থাকায় তার বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা হয়।
ওই মামলার রায়ে বাবরকে ১৭ বছর কারাদণ্ড দেয় আদালত। পরে তিনি উচ্চ আদালত থেকে এ মামলায় জামিন পান। তার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজীর অভিযোগে আরও চারটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/জিএনএ/২২২৭ ঘ.
bdnews24