২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম ও ডিজেল চালিত বাস ভাড়া কমলো

জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৮ টাকা, পেট্রোলের দাম ৮৭ টাকা থেকে কমিয়ে ৭৮ টাকা এবং অকটেন ৯০ থেকে কমিয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলে দাম কমায় দেশে তেলের দাম কমানো হয়েছে। একইসঙ্গে আন্তজেলা ও দূরপাল্লায় ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৭ পয়সা কমানোর নির্দেশ দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫৫ টাকা থেকে ৭ টাকা কমিয়ে ৪৮ টাকা, পেট্রোল ৮৭ টাকা থেকে ৯ টাকা কমিয়ে ৭৮ টাকা এবং অকটেন ৯০ থেকে ১০ টাকা কমিয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে। এই হিসাবে ডিজেল ও কেরোসিনের দাম ১২ দশমিক ৭২ শতাংশ, পেট্রোলের ১০ দশমিক ৩৪ শতাংশ এবং অকটেনের দাম ১১ দশমিক ১১ শতাংশ কমেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম রোববার তথ্য অধিদপ্তরে জ্বালানি তেলের দাম কমানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর আগে প্রধান উপদেষ্টা এ প্রস্তাব অনুমোদন করেন। এদিকে জ্বালানি তেলের দাম কমানোর এই সরকারি সিদ্ধান্তে যোগাযোগ মন্ত্রণালয় আন্তজেলা ও দূরপালায় ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্র্নিধারণ করেছে। প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া কমানো হয়েছে ৭ পয়সা করে। বিকেলে যোগাযোগ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৫ পয়সা থেকে কমিয়ে ৯৮ পয়সা এবং মিনিবাসের ভাড়া ১ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ১ টাকা ১ পয়সা করা হয়েছে। তবে মাওয়া ও পাটুরিয়া হয়ে ফেরি পারাপারের মাধ্যমে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ১ টাকা ১ পয়সা এবং মিনিবাসের ভাড়া ১ টাকা ১১ পয়সা থেকে কমিয়ে ১ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে ম তামিম বলেন, "ঢাকার অধিকাংশ পরিবহনই সিএনজিতে চলে। কাজেই তেলচালিত যানবাহনের ভাড়া কমনোর সিদ্ধান্ত ঢাকার রাস্তায় চলাচলকারী পরিবহনের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলবে না।" জ্বালানি তেলের দাম কমানো প্রসঙ্গে তিনি বলেন, "গত জুলাই থেকে সাড়ে তিন মাসে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় সরকার দেশে তেলের দাম পুনর্র্নিধারণের এ সিদ্ধান্ত নিয়েছে।" এর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গত ৩০ জুন তেলের দাম বাড়ায় সরকার। ১ জুলাই থেকে বর্ধিত দাম কার্যকর করা হয়। ওই সময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৪০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা, পেট্রোল ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮৭ টাকা এবং অকটেন ৬৭ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা করা হয়। ১ জুলাই থেকে জ্বালানি তেলে নতুন দাম কার্যকর করার পর ওইদিনই ডিজেল চালিত আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া পুনর্র্নিধারণের ঘোষণা দেয় সরকার। যাত্রী প্রতি বাস ভাড়া কিলোমিটারে ১৮ পয়সা বাড়িয়ে করা হয় ১ টাকা ৫ পয়সা। আর মিনিবাসের ভাড়া একই পরিমাণ বাড়িয়ে করা হয় এক টাকা ৮ পয়সা। গত ৩০ জুন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ১৪২ ডলার। দাম ক্রমান্বয়ে কমে এসে রোববার প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৬২ দশমিক ০৫ ডলারে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৬০ শতাংশ কমলে সরকার দেশে ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত দাম কমাবে।" তামিম জানান, এখন থেকে তিন মাস পরপর আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করে জ^ালানি তেলের দাম পুনর্র্নিধারণ করবে সরকার। তবে কোনো ক্ষেত্রে এক মাসেই দাম ১৫ শতাংশের বেশি ওঠানামা করলে সেই মাসেই দেশের বাজারের দাম পুনর্র্নিধারণ করা হবে। গত জুলাইয়ে তেলের দাম বাড়ানোর পরও সরকার চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রায় ১৪শ' বোটি টাকা ভর্তুকি দিয়েছে জানিয়ে তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে দাম আর না বাড়লেও বর্তমান দামের হিসেবেই সরকারকে আরো ১৫ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।" জ্বালানি মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদা বছরে প্রায় ৪০ লাখ টন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এডি/এএল/জেকে/জিএনএ/২০৪৬ ঘ.