ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সোমবার সকাল/দুপুরের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
তিনটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে উত্তাল সাগরে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের রোববার রাতের বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি দ্রুত উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি ঘনীভূত হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে সোমবার সকাল বা দুপুর নাগাদ খুলনা-বরিশাল উপকূল অতিক্রম করতে পারে। ওই সময় উপকূল জুড়ে ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে।
নিম্নচাপের প্র্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা এবং উপকূলীয় দ্বীপ ও চরগুলো স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট বেশি জোয়ারে প্লাবিত হতে পারে।
রোববার সন্ধ্যা ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৪৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং মংলা থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পটুয়াখালী ও চাঁদপুরে অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া অভ্যন্তরীণ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
নিম্নচাপের প্রভাবে সারাদেশে শনিবার রাত থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। রোববার বৃষ্টিপাতের মাত্রা বেড়েছে। আবহাওয়া বিভাগ বলেছে, রোববার বিকাল ৫টা থেকে আগামী ২৪ ঘণ্টা দেশের ছয়টি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়। সকাল থেকে রাজধানীর রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল কম। হাতে গোনা রিকশার জন্য পথে নামা মানুষের মধ্যে একরকম প্রতিযোগিতাও দেখা যায়।
দেশের অন্যান্য স্থানেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশালে ১১৫, কুমিল্লায় ৯৬, কক্সবাজারে ১৫, খুলনায় ১৯। ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৭ মিলিমিটার।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ী দমকা অথবা দমকা হাওয়াসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। গভীর নিম্মচাপের প্রভাবে কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জিএনএ/২২৩৪ ঘ.
bdnews24