চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশকে (জেএমবি) আবার সংগঠিত করার প্রচেষ্টার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে কাজ করতে এসেছিলেন বলে স্বীকার করেছে সংগঠনটির গ্রেপ্তারকৃত দুই সদস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলেছেন- ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে জেএমবি'র বোমা হামলায় তারা জড়িত ছিলেন না। তারা পরে জেএমবিতে যোগ দিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে হযরত আলী বলেছেন- এর আগেও একবার চাঁপাইনবাবগঞ্জ এসেছিলেন তিনি।
শুক্রবার রাতে জেলার শিবগঞ্জ উজেলার আব্বাস বাজার এলাকায় গোপনে বৈঠক করার সময় এ দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- নওগাঁর নিয়ামতপুর উপজেলার পরানপুর গ্রামের হয়রত আলী (২২) ও নীলফামারী সদর উপজেলার সুরধনডাঙ্গা গ্রামের মর্তুজা আলীর ছেলে রফিকুল ইসলাম (২৭)।
পুলিশের অভিযানের সময় বাড়ির মালিকসহ চারজন পালিয়ে গেছে।
শনিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, পুলিশের দুটি দল গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে।
তিনি জানান, জেএমবির এ দুই সদস্যকে গ্রেপ্তারের পর এদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি দল চাঁপাইনবাবগঞ্জে এসেছে। তাদের সঙ্গে রয়েছে স্থানীয় গোয়েন্দা সংস্থার একটি দল।
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বোমা হামলার পর জেএমবির নেতাদের অনেকেই ধরা পড়েন। পরে ঝালকাঠিতে বিচারক হত্যা মামলায় জেএমবি প্রধান শায়খ আব্দুল রহমানসহ শীর্ষস্থানীয় ছয়জনকে ফাঁসি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24