২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নচাপটি সোমবার বিকালে উপকূলে উঠতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সোমবার বিকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 11:19 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সোমবার বিকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তিনটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে উত্তাল সাগরে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপের কারণে সারাদেশেই শনিবার রাত থেকে বৃষ্টিপাতে জনজীবন ব্যাহত হচ্ছে। অভ্যন্তরীণ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়। আবহাওয়া অধিদপ্তরের রোববার বিকালের বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সোমবার দুপুর কিংবা বিকাল নাগাদ খুলনা ও বরিশাল উপকূল অতিক্রম করতে পারে। ওই সময় উপকূল জুড়ে ঝোড়ো হাওয়া বইবে। নিম্নচাপের প্র্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা এবং উপকূলীয় দ্বীপ ও চরগুলো স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট বেশি জোয়ারে প্লাবিত হতে পারে। রোববার দুপুর ১২টায় নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ৬৩৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৫৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং মংলা থেকে ৪৮৫ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সারাদেশে শনিবার রাত থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। রোববার বৃষ্টিপাতের মাত্রা বেড়েছে। আবহাওয়া বিভাগ বলেছে, এ অবস্থা আরও কমপক্ষে দুই দিন চলতে পারে। রোববার সকাল থেকে রাজধানীর রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল কম। হাতে গোনা রিকশার জন্য পথে নামা মানুষের মধ্যে একরকম প্রতিযোগিতাও দেখা যায়। অন্যান্য স্থানেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। পটুয়াখালী ও চাঁদপুরে অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার কক্সবাজারে ৩৮ মিলিমিটার, চট্টগ্রামে ২৮, কুমিল্লায় ৩১, মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪ মিলিমিটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসকে/১৭১৩ঘ.