২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নিয়ন্ত্রণ নয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান কার্যকর করাই লক্ষ্য'

নিয়ন্ত্রণ নয়, বরং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার লক্ষ্যেই স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সদ্য গঠিত এই কমিশনের চেয়ারম্যান ফয়জুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 10:10 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ন্ত্রণ নয়, বরং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার লক্ষ্যেই স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সদ্য গঠিত এই কমিশনের চেয়ারম্যান ফয়জুর রাজ্জাক। তিনি রোববার সাংবাদিকদের বলেন, "স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের জন্য নয়, বরং ওই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী, কার্যকর ও সুন্দরভাবে পরিচালনার জন্য স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়েছে। কমিশন বিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে যথাযথভাবে তার দায়িত্ব পালন করবে।" সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে বৈঠকের পরই ফয়েজুর রাজ্জাক একথা বলেন। তিনিসহ কমিশনের দুই সদস্য ড. তোফায়েল আহমেদ ও হেদায়েতুল ইসলাম চৌধুরী স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে দেখা করেন। স্থানীয় সরকার কমিশন কবে থেকে কাজ শুরু করবে- জানতে চাওয়া হলে ফয়জুর রাজ্জাক বলেন, "কমিশন কবে থেকে কাজ শুরু করবে, সে সিদ্ধান্ত এখনও হয়নি। সরকারের সঙ্গে আলোচনা করে শিগগিরই দিনক্ষণ ঠিক করা হবে।" কমিশন গঠনের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান বলেন, "এ আইন প্রণয়নের মধ্য দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে। এর মধ্য দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আরও গতিশীল হবে।" "অতীতেও দুটি সরকার স্থানীয় সরকার কমিশন গঠনের প্রতিশ্র"তি দিয়েছিল, যদিও তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি।" ফয়জুর রাজ্জাক বলেন, "স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে যদি গণতন্ত্রের বড় স্তম্ভ মনে করা হয়, তাহলে শুধু এ সরকারই নয় সব সরকারের কাছ থেকেই সহায়তা পাব। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও আমাদের প্রয়োজন হবে।" রাজনৈতিক সরকারের সময়ে উন্নয়ন বরাদ্দে আঞ্চলিক অসমতা দূর করার উদ্যোগ নিলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার কমিশনের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "এরকম হওয়ার কারণ নেই। আমরা সবাই চাই, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক। এক্ষেত্রে কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করবে। দলীয় আনুগত্য ছাড়াই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সমতার ভিত্তিতে উন্নয়ন বরাদ্দ পাবে।" গত ১৩ মে রাষ্ট্রপতি স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশ-২০০৮ জারি করেন। এর আওতায় সাবেক সচিব ফয়জুর রাজ্জাককে চেয়ারম্যান করে তিন সদস্যবিশিষ্ট স্থানীয় সরকার কমিশন গত বুধবার গঠন করা হয়। কমিশনের সদস্য হেদায়েতুল ইসলাম চৌধুরীও সাবেক সচিব। অপর সদস্য ড. তোফায়েল আহমেদ চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক। অধ্যাদেশ অনুযায়ী কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমডি/এমআই/১৬০০ ঘ.