কুষ্টিয়া, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রোববার সকালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছে।
কুষ্টিয়া-পাবনা সড়কের দশ মাইল নামে এলাকায় সকাল ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ভারপ্রপ্তি কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
দুর্ঘটনায় নিহতদের এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রেজাউল (৩০)। বাড়ি ভেড়ামারার বাহিরচর গ্রামে। অপর জনের পরিচয় মেলেনি।
ওসি তাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিরাজগঞ্জ ছেড়ে আসা কুষ্টিয়াগামী ড্রিমল্যান্ড পরিবহণের বাসটি সকাল ৯টার দিকে দশ মাইল এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।"
দুর্ঘটনায় দুই জন ঘটনাস্থলেই মারা যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। এতে আহত হয় পাঁচ জন।
এরা হলেন- হেলাল (৩৫), সিরাজ (৩০), রাহাত (৩৫), দেলোয়ার (৩০) ও রেবেকা (২৭)। তাদের কুষ্টিয়া সদর হাসপাতাল ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
লাশ দুটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৫১ ঘ.
bdnews24