২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় পিআরএসপিতে ব্যয় হবে আড়াই লাখ কোটি টাকা

তিন বছর মেয়াদি (২০০৮-০৯ থেকে ২০১০-১১) দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে (পিআরএসপি-২) দারিদ্র্য নিরসনের জন্য বিভিন্ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৭৯৯ কোটি টাকা। এই তিন বছরে সরকারের অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় ধরা হয়েছে তিন লাখ ১৯ হাজার ৪৪ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছর মেয়াদি (২০০৮-০৯ থেকে ২০১০-১১) দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে (পিআরএসপি-২) দারিদ্র্য নিরসনের জন্য বিভিন্ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৭৯৯ কোটি টাকা। এই তিন বছরে সরকারের অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় ধরা হয়েছে তিন লাখ ১৯ হাজার ৪৪ কোটি টাকা। এই ব্যয়ের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে আহরণ করা হবে দুই লাখ ৫৫ হাজার ৯৫০ কোটি টাকা। এই হিসাবে নতুন পিআরএসপি বাস্তবায়নে অর্থের ঘাটতি দাঁড়াচ্ছে ৬৩ হাজার ৯৪ কোটি টাকা (৯ দশমিক ০১ বিলিয়ন ডলার)। এই ঘাটতি মেটাতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ পাওয়া যাবে বলে ধরে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ কৌশলপত্র অনুমোদন করা হয়। পরে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। উপদেষ্টা জানান, নতুন পিআরএসপিতে চলতি ২০০৮-০৯ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ শতাংশ, ২০০৯-১০ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ এবং ২০১০-১১ অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ধরা হয়েছে ৯ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে তা ৭ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে আশা করা হয়েছে। আর ২০১০-১১ অর্থবছরে তা আরও কমে ৭ শতাংশে নেমে আসবে বলে ধরা নেয়া হয়েছে। উপদেষ্টা বলেন, "প্রথম পিঅরএসপি'র আদলেই দ্বিতীয় পিআরএসপি তৈরি করা হয়েছে। তবে প্রথম পিআরএসপিতে তিন বছরে কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করা হবে তার কোনো লক্ষ্যমাত্রা ছিল না। এবার খাতওয়ারি ব্যয়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেয়া হয়েছে।" অনির্বাচিত সরকারের পিআরএসপি প্রণয়নের ক্ষমতা আছে কি না- এ প্রশ্নের জবাবে মির্জ্জা আজিজ বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের তিন মাস দায়িত্ব পালন করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার কথা। কিন্তু জাতির স্বার্থে এই সরকারকে বেশি সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। পিআরএসপি প্রণয়ন সে দায়িত্বেরই একটি অংশ।" তত্ত্বাবধায়ক সরকারের পিআরএসপি নির্বাচিত সরকারের পছন্দ না হলে তা সংযোজন-বিয়োজন করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, তিন বছরের পিআরএসপিতে খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে কৃষি খাতকে। মোট ব্যয়ের প্রায় ২৫ শতাংশ বরাদ্দ ধরা হয়েছে এ খাতে। এছাড়া বিদ্যুৎ খাতেও মোটা অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি জানান। দ্রুত দারিদ্র্য নিরসণের লক্ষ্যে বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ২০০৫ সালের জুলাই মাসে তিন বছর মেয়াদি প্রথম পিআরএসপি গ্রহণ করে। পরে গত বছরের ৩০ এপ্রিল কিছু সংশোধন করে এর মেয়াদ ২০০৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়। নতুন পিআরএসপি'র মেয়াদ শুরু হবে চলতি অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জুলাই থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২০১৮ ঘ.