ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। অনিবার্যভাবে সারাদেশে বেড়েছে লোডশেডিং।
বিদ্যুৎ বিভাগের হিসাব অনুসারে গ্যাস সরবরাহে ঘাটতি ও হ্রদে পানির উচ্চতা কমে যাওয়ার কারণে একমাত্র চট্টগ্রাম এলাকার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কমেছে ৪০০ মেগাওয়াটের বেশি। সব মিলিয়ে গ্যাস ঘাটতির কারণে সারাদেশে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে ।
বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্যাস সরবরাহে সমস্যা ছাড়া অন্য কোথাও তেমন সমস্যা নেই। সাঙ্গুতে উৎপাদন কমেছে। এ কারণে চট্টগ্রামে উৎপাদন কম হচ্ছে।"
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্যাস সরবরাহে সঙ্কটের কারণে এক মাত্র রাউজান বিদ্যুৎকেন্দ্রেই ২৭০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে। এ বিদ্যুৎকেন্দ্রের স্থাপিত উৎপাদন ক্ষমতা ৪২০ মেগাওয়াট। তবে এখন কেন্দ্রটি ৩৬০ মেগাওয়াট উৎপাদন করতে সক্ষম। গ্যাসের ঘাটতির কারণে উৎপাদিত হচ্ছে ৯০ মেগাওয়াট। উৎপাদন ৭০ মেগাওয়াটে নেমে গেলে পুরো বিদ্যুৎ কেন্দ্রই বন্ধ করে দিতে হবে। একই কারণে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পুরোপুরি বন্ধ আছে। শিকলবাহার উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট।
জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহের চেষ্টা করছি। তবে এটা ঠিক, চাহিদা মতো সরবরাহ করা যাচ্ছেনা।"
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পানির উচ্চতা কমে যাওয়ায় কাপ্তাইয়ে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি দিনের বেলায় বন্ধ রাখতে হচ্ছে। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ৮৭ ফুটে নেমে এসেছে। কেন্দ্র পুরোপুরি চালু রাখার জন্য কমপক্ষে ১০৮/১০৯ ফুট উচ্চতা থাকতে হয়।
পেট্রোবাংলার হিসাব অনুসারে দেশের একমাত্র সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গুতে গ্যাসের উৎপাদন কমে গেছে। এ গ্যাসক্ষেত্র থেকে গড়ে ৩৩/৪৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। সোমবার ৩৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়েছে। এখানে উৎপাদন ক্ষমতা ৬০ মিলিয়ন ঘনফুট।
পেট্রোবাংলা জানিয়েছে, সামুদ্রিক এ গ্যাস ক্ষেত্রের একটি কূপ দিয়ে পানি আসার কারণে উৎপাদন কমে গেছে। পানি আসা বন্ধ হলে ৪০ মিলিয়ন ঘনফুটের মতো উৎপাদিত হতে পারে। কূপটি মেরামতের কাজ চলছে সংস্থাটি জানায়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মঙ্গলবার সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন নির্ধারণ করেছে ৩৬৪৩ মেগাওয়াট। সম্ভাব্য লোডশেডিং ধরা হয়েছে ৬৭১ মেগাওয়াট যা আগের দিনের চেয়ে ৬৭ মেগাওয়াট বেশি।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানীর নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ঢাকা অঞ্চলের সর্বত্রই কমবেশি লোডশেডিং করা হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টায় ১৬২ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২১১১ঘ.
bdnews24