ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এ বিচারের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার মহানগর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো: আজিজুল হক এ আদেশ দেন।
এর আগে মামলার অন্যতম আসামি খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম ও এমকে আনোয়ার আদালতে হাজির হন।
শুনানির শুরুতেই নিজামীর জামিনের বিষয় নিয়ে রাষ্ট্র ও আসামীপক্ষের আইনজীবীদের মধ্যে তর্ক শুরু হয়।
এ মামলার অভিযোগপত্র গ্রহণ পর্যন্ত নিজামী জামিনে থাকবেন বলে আদেশ দিয়েছিল হাইকোর্ট। গত ৬ অক্টোবর মামলার অভিযোগপত্র গ্রহণ করার পরও নিজামী কিভাবে জামিনে রয়েছেন তা নিয়ে বিতর্ক শুরু হয়।
রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল আদালতের এক প্রশ্নের জবাবে বলেন, "মামলার নথিপত্র অনুযায়ী গত ৬ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন নিজামী। কিন্তু এখন তিনি আর জামিনে নেই। তিনি আদালতে উপস্থিত রয়েছেন। জামিনের আর কোন বিষয় বিবেচনা না করে তাকে কারাগারে পাঠানো হোক।"
এ বক্তেব্যের আপত্তি জানান নিজামীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, জয়নাল আবেদীন এবং মশিউল আলম।
মশিউল আলম বলেন, "নিজামীকে কারাগারে পাঠানো হলে কোন আইনজীবী এজলাস থেকে ঘরে ফিরতে পারবেন না।"
মশিউল আলমের এ বক্তব্যের জবাবে মোশাররফ হোসেন কাজল বলেন, "প্রকাশ্য আদালতে আসামীপক্ষের আইনজীবীর এ ধৃষ্টতা আদালত অবমামনার শামিল। এটি প্রকাশ্য আদালতে আইনজীবী ও বিচার পরিবেশের ওপর একটি হুমকিও বটে।"
এ সময় নিজামীর আইনজীবীরা হইচই শুরু করলে দৃশ্যত বিরক্ত বিচারক বলেন, "এসব করা হলে আমি কিন্তু নিজামীকে কারাগারে পাঠিয়ে দিব।"
বিচারকের এ বক্তব্যের পর মশিউল আলম ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ক্ষমা প্রার্থনা করেন।
খালেদার পক্ষে অ্যাডভোকেট রেজ্জাক খান ও সানাউল্লাহ মিয়া জানান, গত ১০ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে চারমাসের জামিন দিয়েছে। এর মেয়াদ আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। তিনি আজকে (বৃহস্পতিবার) আদালতে হাজির রয়েছেন। মামলাটি খারিজের জন্য ইতোমধ্যে হাইকোর্র্টে আবেদন করা হয়েছে যা শুনানির অপেক্ষায় রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক হয়রানি করার জন্য এ মামলা দায়ের করা হয়েছে কারণ এ মামলায় এর আগে দুদক সিদ্ধান্ত নিয়েছিল যে অভিযুক্তদের অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে। কিন্তু নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদাসহ অপর অভিযুক্তদের এ মামলায় জড়ানো হয়েছে।
খালেদার পক্ষে এ মামলা খারিজের আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখার জন্যও আবেদন করা হয়।
আবেদনে একজন আইনজীবী বলেন, "আজ (বৃহস্পতিবার) এ স্কোয়াশমেন্ট আবেদন বিচারপতি মো: দস্তগীর হোসেন এবং বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হওয়ার জন্য তালিকাভুক্ত রয়েছে। তাই এ শুনানি না হওয়া পর্যন্ত মামলাটির কার্যক্রম স্থগিত রাখা হোক।"
নিজামীর জামিনের ব্যাপারে আদালত কোন আদেশ না দিয়েই খাস কামরায় চলে যান।
এ মামলার অপর আসামি জামিনে থাকা আব্দুল মান্নান ভুঁইয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। আইনজীবী গোলাম মোস্তফা খান আদালতে উপস্থিত হয়ে তার পক্ষে হাজিরা মুলতবি চেয়ে সময় চান।
কারাগারে থাকা অপর আসামি কারাগারে খোন্দকার মোশাররফ হোসেন এবং আলতাফ হোসেন চৌধুরীকে থেকে আদালতে হাজির করা হয়নি।
মামলার শুনানি চলাকালে প্রায় তিনশ আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/জিএনএ/১৪২৩ ঘ.
bdnews24