ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে 'যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা'র খসড়া ১০ নভেম্বরের মধ্যে সরকারের কাছে জমা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, 'উচ্চতর অভিযোগ কেন্দ্র'র সুপারিশ অনুযায়ী ৬০ কার্যদিবসের মধ্যে তদন্তের সব কাজ শেষ এবং অপরাধীকে শাস্তি দিতে হবে। এছাড়া, অভিযোগ পাওয়ার পর থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ ওঠা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বা শিক্ষার্থী সাময়িকভাবে বরখাস্ত হবেন।
রাজধানীর আগারগাঁওয়ে বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মেলন কক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এ তথ্য জানান।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "নীতিমালার খসড়া প্রণয়নে সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে তিন মাস সময় দেওয়ার পর সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তা করা হয়েছে। এর ভিত্তিতেই সরকার চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করে গেজেট আকারে প্রকাশ করবে। প্রয়োজনে সরকার খসড়া প্রস্তাব পরিবর্তন করতে পারে। চূড়ান্ত নীতিমালার অনুযায়ী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যৌন হয়রানি ও নিপীড়নমূলক অভিযোগের নিষ্পত্তি করতে পারবে।"
ইউজিসির 'যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা'র খসড়ায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ সবার ক্ষেত্রে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির বিধান রাখা হয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের আইন অনুযায়ী চাকরিচ্যুতি, বহিষ্কার, আর্থিক ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় আইনের মাধ্যমেও শাস্তির প্রস্তাব রয়েছে।
সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'নিজেরা করি'র নির্বাহী পরিচালক খুশী কবির বলেন, "অনেক সময় অপরাধ প্রমাণিত হয় না, কিন্তু তাই বলে অপরাধ যে হয়নি- সেটি ঠিক নয়। অপ্রমাণিত অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক থাকতে হবে।"
সাংবাদিক বেবী মওদুদ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সংজ্ঞায় কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসাকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। এছাড়া, যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষকের সনদ বাতিলেরও প্রস্তাব দেন তিনি।
মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মালেকা বেগম বিশ্ববিদ্যালয়ের প্রচলিত প্রক্টরিয়াল আইন পরিবর্তনের দাবি জানান।
তিনি বলেন, "অনেক সময় অভিযোগকারী তার অভিযোগ প্রত্যাহার করে নেয়। কিন্তু এ ধরনের পরিস্থিতিতেও তদন্ত চালিয়ে যেতে হবে। কেন অভিযোগকারী এ কাজ করল তাও খতিয়ে দেখতে হবে।"
নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এইচ এম জেহাদুল করিম, সদস্য সচিব মো. মুখলেছুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমেদ, ঢাবি'র লোক প্রশাসন বিভাগের অধ্যাপক জারিনা রহমান খান, মনোবিজ্ঞানী অধ্যাপক মেহতাব খানম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক আসমা সিদ্দীকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম নুরুল আলম, অ্যাডভোকেট সালমা আলী, ব্যারিস্টার সারা হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম প্রমুখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/১৯০৯ঘ.
bdnews24