টাঙ্গাইল, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণ যাতে সহজে আয়কর দিতে পারে সে জন্য সব জেলা ছাড়াও একশ উপজেলায় নতুন আয়কর অফিস স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ।
মঙ্গলবার বিকেলে শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্বপ্রণোদিত করদাতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান তিনি একথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, "দেশকে স্বনির্ভর করার জন্য আমাদের সবাইকে কর দেওয়া উচিত।"
আয়কর আইনে কালো বা সাদা টাকা নেই উল্লেখ করে তিনি বলেন, "অপ্রদর্শিত আয় থাকলেই ৩১ অক্টোবরের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের উর্ধ্বে নয়।"
জেলা প্রশাসক মো. মাকছুদুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন জেলা ও দায়রা জজ চৌধুরী মুনীর উদ্দিন মাহফুজ, পুলিশ সুপার মো. আব্দুল মান্নান, টাঙ্গাইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাফর আহমেদ, টাঙ্গাইল কর অঞ্চল-৬ এর কর কমিশনার মো. সিরাজুল ইসলাম, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আলমগীর খান মেনু, করদাতা আবদুর রশীদ তালুকদার, ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু প্রমুখ।
সভায় জেলার ৩১৫ জন স্বপ্রণোদিত করদাতা সাত লাখ ৭০ হাজার টাকা কর দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩৪৪ ঘ.
bdnews24