ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের কাছে সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজদের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি (এনসিসি)।
সোমবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
হানিফ ইকবাল বলেন, "দুর্নীতির দায়ে দুদকের করা মামলায় সাজাপ্রাপ্তদের তালিকা চেয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি আমাদের চিঠি দিয়েছে। আগামী দু'একদিনের মধ্যে ওই তালিকা পাঠাব আমরা।"
২০০৭ সালের দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পর দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল তাতে শতাধিক রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও সিবিএ নেতা সাজা পান।
জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৫) ধারা উল্লেখ করে হানিফ ইকবাল বলেন, "এ ধারায় বলা আছে, জরুরি আইন বলবৎ থাকা অবস্থায় নিম্ন আদালতে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না।"
সাজাপ্রাপ্তদের নির্বাচন না করা বিষয়ে সংবিধানের ৬৬ এর ২ (ঘ) অনুচ্ছেদের কথাও উল্লেখ করেন কমিশন মহাপরিচালক।
'একজন সেনা কর্মকর্তার তত্ত্বাবধানে চেম্বার জজের কার্যতালিকা তৈরি হচ্ছে'- সোমবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এমন একটি প্রতিবেদনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে মহাপরিচালক বলেন, "কমিশন কোনো সেনা কর্মর্কতাকে আদালতে নিয়োগ দেয়নি। যেসব সেনা কর্মকর্তা প্রেষণে দুদকে এসেছেন, তারা কেন্দ্রীয় কার্যালয়ে অথবা বিভাগীয় কার্যালয়ে কর্মরত আছেন।"
তিনি বলেন, "যেসব দুর্নীতি মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে, কমিশন সেগুলো সচল করার উদ্যোগ নিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/জেকে/এসকে/১৮৪৭ঘ.
bdnews24