জয়পুরহাট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট-বগুড়া সড়কে ক্ষেতলাল উপজেলার নিমতলীতে শুক্রবার রাতে একটি ট্রাক উল্টে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন। মালবাহী ট্রাকটিতে চড়ে একদল শ্রমিক বগুড়া যাচ্ছিল।
রাত সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব।
নিহতরা হলেন- বগুড়া শহরের লতিফপুর কলোনির মানিক মিয়া (৪০) এবং শিবগঞ্জ উপজেলার মাফেজ উদ্দীনের ছেলে মাহফুজুর রহমান (৩০)।
ওসি ওহাব সাংবাদিকদের বলেন, "জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বিয়ের অনুষ্ঠানশেষে বাবুর্চিসহ ৭০ জন হোটেল শ্রমিক ট্রাকে চড়ে বগুড়া যাচ্ছিল। পথে নিমতলীতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার ওপর উল্টে যায়।"
ওই সময় ট্রাকের নিচে চাপা পড়ে মানিক ও মাহফুজুর ঘটনাস্থলেই মারা যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
আহতদের মধ্যে ১৫ জনকে কালাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং ২৫ জনকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২২৫ ঘ.
bdnews24