২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, মাদারীপুর, ফরিদপুর ও পটুয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার সাত জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 05:12 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, মাদারীপুর, ফরিদপুর ও পটুয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার সাত জন নিহত হয়েছেন। মুন্সীগঞ্জে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন। লক্ষ্মীপুরে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে দুজন মারা গেছেন। মাদারীপুর, ফরিদপুর ও পটুয়াখালীতে বাস ও ট্রাক চাপায় একজন করে তিনজন নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর- মুন্সীগঞ্জ: সিরাজদিখান, টঙ্গীবাড়ি ও শ্রীনগর উপজেলায় বৃহস্পতিবার তিনটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদির জানান, সকালে সিরাজদিখান উপজেলার ইছাপুরায় মালভর্তি ট্রাক থেকে পড়ে গিয়ে হেলপার মাসুদ (১৬) ঘটনাস্থলেই নিহত হন। টঙ্গীবাড়ি থানার উপ পরিদর্শক অরুপ জানান, দুপুরে ঢাকা দিঘিরপাড় সড়কের টঙ্গীবাড়ি উপজেলার বেসনাল এলাকায় মা রোকসানার সঙ্গে বাস থেকে নামার সময় স্নিগ্ধা (৭) নামে এক শিশু চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বাস চালকসহ বাসটিকে আটক করেছে পুলিশ। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাছের আড়তে ঢুকে উল্টে যায়। এতে ২ জন গুরুতর আহত হন। লক্ষ্মীপুর: রামগঞ্জ-হাজিগঞ্জ সড়কে রামগঞ্জের শেখপুরা সেতুর কাছে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক নূর আলম (৩০) ও যাত্রী শাহাদাৎ হোসেন (৩২) নিহত হন। দুর্ঘটনায় শাহাদাতের বাবা আবুল বাশার (৬৫), আবুল খায়ের (৩৪) ও জাহাঙ্গীর হোসেন নামে আরো তিন যাত্রী আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চাঁদপুর থেকে রামগঞ্জের আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে শেখপুরা সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই। মাদারীপুর: মাদারীপুর-ফরিদপুর মহাসড়কের সদর উপজেলার সিদ্দিকখোলা এলাকায় বৃহস্পতিবার যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে ফারুক হোসেন (১৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। ফারুকের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম খান বলেন, "সিদ্দিকখোলায় প্রধান সড়কে ওঠার সময় ফারুক হোসেনের ভ্যানের সঙ্গে মাদারীপুর থেকে টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।" এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে চারটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ কর্মকর্তা নাসিম বলেন, বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় একটি মামলা হয়েছে । ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার ধুলদী রেল গেট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন মোটর সাইকেল আরোহী দীপু (২০)। মোবাইল ফোন মেরামতের কারিগর দীপুর বাড়ি পরানপুর গ্রামে। গোপালগঞ্জ থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পটুয়াখালী: মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দরে বেলা ১১টার দিকে ট্রাকের চাপায় ফাতেমা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় কাকড়াবুনিয়াগামী একটি ট্রাক ফাতেমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, এ ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২৩০৫ ঘ.