২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তি পেয়েছেন মেয়র মহিউদ্দিন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী মুক্তি পেয়েছেন। দীর্ঘ এক বছর ৭ মাস কারাভোগের পর বুধবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে ছাড়া পান আওয়ামী লীগের এই নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 09:52 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী মুক্তি পেয়েছেন। দীর্ঘ এক বছর ৭ মাস কারাভোগের পর বুধবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে ছাড়া পান আওয়ামী লীগের এই নেতা। উপমহা-কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বুধবার বিকেল ৩টা ৩৫ মিনিটে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মাত্র মেয়র মহিউদ্দিন সাহেবকে মুক্তি দেওয়া হলো। এর আগে আমাদের হাতে তার জামিন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত থেকে মেয়রের জামিন নামার কপি মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম কারাগারে পৌঁছে। একই দিন কারা কর্তৃপক্ষ বিকাল ৪টার দিকে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা রক্ষক আতাউর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়ম মোতাবেক মঙ্গলবার বিকালেই চট্টগ্রাম বিশেষ জজ আদালতের জামিন প্রদানের কপিটি বার্তা বাহকের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগার পাঠানো হয়েছে।" মঙ্গলবার দুপুরে বিজয় টিভি মামলায় হাইকোর্ট থেকে দেওয়া জামিননামা চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে পেশ করা হলে বিচারক এসএম সোলায়মান ৮০ হাজার টাকা মুচলেকায় মেয়রের জামিন মঞ্জুর করেন এবং তা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেয়রের আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল জানান, বিজয় টিভি মামলাটি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন থাকায় হাইকোর্ট থেকে মেয়রকে দেওয়া জামিনের কপিটি চট্টগ্রামে জমা দেওয়া হয়। অন্য মামলাগুলোতে মেয়র আগেই জামিন পেয়েছেন জানিয়ে ইব্রাহীম হোসেন বলেন, "শুধু এ মামলায় জামিন না হওয়ায় তিনি মুক্তি পাননি।" মহিউদ্দিন চৌধুরীকে ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে বান্দরবান কারাগারে রাখা হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। তার আরেক আইনজীবী হরিসাধন দেব ব্রহ্মণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে মোট ২২টি মামলার তিনটি আদালত খারিজ করে দিয়েছে। চারটিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি বাকি মোট ১৫ টির সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ইএইচবি/এফআই/জিএনএ/১৫৪৬ ঘ.