২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ খাতে ২৩ কোটি টাকা সহায়তা দেবে ইউএনডিপি

বাংলাদেশের পরিবেশ খাতের উন্নয়নে তিনটি প্রকল্পে ২৩ কোটি ৩১ লাখ টাকা (৩ দশমিক ৩৩ মিলিয়ন ডলার) সহায়তা দেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, ৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পরিবেশ খাতের উন্নয়নে তিনটি প্রকল্পে ২৩ কোটি ৩১ লাখ টাকা (৩ দশমিক ৩৩ মিলিয়ন ডলার) সহায়তা দেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন ভুইয়া এবং এনডিপি'র পক্ষে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিয়েসনার চুক্তিতে স্বাক্ষর করেন । প্রকল্প তিনটি হচ্ছে, প্রিপারেশন ফর সেকেন্ড ন্যাশনাল কম্যুনিকেশন অব বাংলাদেশ; ফেজ-আউট অফ সিএফসি কনজাম্পশন ইন দ্যা ম্যানুফাকচার অফ অ্যারোসল মিটার ডোজ ইনহেলার (এমডিআই) ইন বাংলাদেশ ও ইনস্টিটিউশনাল স্ট্রেংদেনিং ফর দি ফেজ-আউট অফ ওজন ডিপ্লেটিং সাবস্টেনসেস (পঞ্চম পর্ব)। ইউএনডিপি'র সহযোগিতায় পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রকল্প তিনটি বাস্তবায়ন করবে। এ ব্যাপারে ইআরডি অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রিপারেশন ফর সেকেন্ড ন্যাশনাল কম্যুনিকেশন অফ বাংলাদেশ এর আওতায় ইউনাইটেড নেশনস ফ্রেমওর্য়াক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসি)-এর উপর একটি আন্তর্জাতিক সম্মেলন দেশের বাইরে অনুষ্ঠিত হবে। সম্মেলনের তারিখ এখনও ঠিক হয়নি। ওই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে যে প্রতিবেদন উপস্থাপন করা হবে-তা তৈরিতে ইউএনডিপি সহায়তা দেবে।" তিনি আরো জানান, দ্বিতীয় প্রকল্পে ইউএনডিপি দেশের তিনটি বড় ওষুধ কোম্পানিতে এজমা রোগীদের ইনহেলার তৈরিতে পরিবেশ দূষক ক্লোরো-ফ্লুরো কার্বন (সিএফসি) সম্পৃক্ত প্রযুক্তিকে দূষণমুক্ত (নন-সিএফসি) প্রযুক্তিতে রূপান্তরে সহায়তা দেবে। তৃতীয় প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তরের জাতীয় ওজোন ইউনিটকে এর চলমান পরিকল্পনা অব্যাহত রাখতে এবং যথাযথ পরিচালনা ও মন্ট্রিল প্রটোকলের আওতায় ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের অপসারণ বা প্রতিরোধের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় নীতি বাস্তবায়নে গৃহীত সব কার্যক্রম সমন্বয়ে ইউএনডিপি সহায়তা দেবে বলে মোশাররফ হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এমএইচবি/২০১৭ ঘ.