ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে এ বছর সরকার ১০টি জাতীয় যুব পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিটি প্রশাসনিক বিভাগ থেকে এক জন করে মোট ছয় জন শ্রেষ্ঠ আত্মকর্মী, এক জন আদিবাসী, এক জন নারী যুবকর্মী এবং দুই জন সফল ও শ্রেষ্ঠ যুব সংগঠককে এ পুরস্কার দেওয়া হবে।
জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রণালয়ের সচিব ড. গোলাম মোস্তফা তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ১ নভেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ প্রধান অতিথি থাকবেন।
এছাড়া শিশু একাডেমি প্রাঙ্গণে সাত দিনব্যাপী জাতীয় যুব মেলার আয়োজন করা হবে। রেডিও এবং টেলিভিশনে যুব উন্নয়ন বিষয়ক বিশেষ অনুষ্ঠানও প্রচার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএইচএন/এমআই/১৭১৬ ঘ.
bdnews24