ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে হজ ফ্লাইট আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে।
চলতি বছর বাংলাদেশ বিমানের ফ্লাইট এবং সৌদি এয়ারলাইন্সের একটি ভাড়া করা বিমান সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছু প্রায় ৪৮ হাজার জনকে বহন করবে। এর মধ্যে ৩৪ হাজার জনকে বহন করবে বাংলাদেশ বিমান।
মঙ্গলবার হজ ব্যবস্থাপনাসংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ধর্ম ও আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, "বাংলাদেশ বিমানের ৭৫টি ফ্লাইট ৩৩ দিন ধরে হাজিদের সৌদি আরব নিয়ে যাবে। ৩১ অক্টোবর ফ্লাইট শুরু হবে; সর্বশেষ ফ্লাইট যাবে ২ ডিসেম্বর।"
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার জন হজে যাবেন জানিয়ে হাসান আরিফ বলেন, "সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হাজিদের থাকার জন্য বাড়ি ভাড়ার কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। এ সপ্তাহের মধ্যেই বাকি ২০ শতাংশ কাজও শেষ হবে।"
বেসরকারি ব্যবস্থাপনায় হাজি পাঠানোর কাজে নিয়োজিত ২০৬টি এজেন্সির মধ্যে ১০টির বাড়ি ভাড়ার কাজ সম্পূর্ণ শেষ হয়েছে বলে উপদেষ্টা জানান।
তিনি বলেন, "এ পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় সব মিলিয়ে ৬০ শতাংশ বাড়ি ভাড়ার কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এটা শেষ হবে বলে আশা করছি।"
উপদেষ্টা জানান, হজ পালনেচ্ছুদের পরিবহনের বিভিন্ন সময়ে অনিয়মের পরিপ্রেক্ষিতে এবার আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে হজে গমনেচ্ছুদের নাম ও ঠিকানাসহ এক সঙ্গেই মোয়াল্লেম ফি জমা নেয়া হয়েছে। ফলে তাদের জন্য বিমানের ফ্লাইট সিডিউল নির্ধারণ করা অনেক সহজ হয়েছে।
অনিয়ম রোধের জন্য সরকার যে বিধিমালা প্রণয়নের ঘোষণা দিয়েছিল, তার সর্বশেষ অবস্থা কী- সাংবাদিকরা জানতে চাইলে হাসান আরিফ বলেন, "আইন মন্ত্রণালয় একটি খসড়া তৈরি করে আইন কমিশনে পাঠিয়েছে। আইন কমিশন খসড়াটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। একটি আইন প্রণয়ণ করতে বেশ কিছুটা সময় লাগেই। তবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আফজাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফজলুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদ কুদ্দুসসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমআই/এমএইচবি/১৭০২ ঘ.
bdnews24