টাঙ্গাইল, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্লায় মঙ্গলবার ভোরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এতে আহত হয় আরো ১৫ জন।
নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাঞ্চিবাড়ি গ্রামের হাফিজুল রহমানের ছেলে আনন্দ (২০) এবং গাইবান্ধা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে শওকত আলীর মেয়ে আসমা (১৮)।
আহতদের পাঁচজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থেকে ঢাকাগামী বাসকে (ঢাকা মেট্রো-ব-১১-৩১১২) বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই এক মহিলাসহ তিন জন বাস যাত্রী মারা যায়।
এই ঘটনায় মির্জাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১১২২ঘ.
bdnews24