ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর দাবির মুখে সরকার শেষ পর্যন্ত দল নিবন্ধন প্রক্রিয়া সহজ করেছে। আপাতত খসড়া গঠনতন্ত্র দিয়েই রাজনৈতিক দল নিবন্ধনের সুযোগ রেখে উপদেষ্টা পরিষদ সোমবার গণপ্রতিনিধিত্ব আদেশের দ্বিতীয় দফা সংশোধনী চূড়ান্ত অনুমোদন করেছে।
তবে এক্ষেত্রে নবম জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার দিন থেকে ছয় মাসের মধ্যে দলগুলোকে তাদের কেন্দ্রীয় কমিটিতে পাস হওয়া পূর্ণাঙ্গ গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দিতে হবে।
দ্বিতীয় দফায় সংশোধিত এই আইনে ঋণখেলাপি ও বিলখেলাপিদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগও সহজ করা হয়েছে। এখন মনোনয়ন দাখিলের ১৫ দিন আগে খেলাপি ঋণ বা বিল পরিশোধ করলেই নির্বাচনে অংশ নিতে পারবেন তারা। আগের আইনে মনোনয়ন দাখিলের ছয় মাস আগে সব খেলাপি ঋণ ও তিন মাস আগে বিল পরিশোধের বিধান ছিল।
সোমবার বিকেলে এক অনির্ধারিত বৈঠকে উপদেষ্টা পরিষদ গণপ্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০০৮ এ চূড়ান্ত অনুমোদন দেয়।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে এ বৈঠক শেষে তার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বিস্তারিত জানান।
তিনি বলেন, "নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। বিভিন্ন দলের সঙ্গে মত বিনিময় করে কমিশন বুঝতে পেরেছে যে, এ সময়ের মধ্যে গঠনতন্ত্র সংশোধন করে নিবন্ধনের সব শর্ত পূরণ করা সম্ভব নয়। এরপর কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের কিছু ধারা সংশোধন করে একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ের পাঠায়। আইন মন্ত্রণালয় আজ (সোমবার) তা উপস্থাপন করলে উপদেষ্টা পরিষদ তাতে অনুমোদন দেয়।"
ফাহিম মুনেম জানান, আইন মন্ত্রণালয়ে যাচাই-বাছাই শেষে রাষ্ট্রপতি সই করলেই সংশোধিত অধ্যাদেশটি কার্যকর হবে।
প্রেস সচিব জানান, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করার সময় এখন খসড়া গঠনতন্ত্র জমা দিলেই চলবে। তবে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার দিন থেকে ছয় মাসের মধ্যে খসড়া গঠনতন্ত্রের সংশোধনীগুলো স্থায়ী করে দলের চূড়ান্ত গঠনতন্ত্র কেন্দ্রীয় কমিটিতে পাস করতে হবে এবং তা কমিশনে জমা দিতে হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয় নির্ধারণেও সংশোধনী আনা হয়েছে। একটি দল যে ক'জন প্রার্থী দেবে সে সংখ্যার অনুপাতেই দলীয় নির্বাচনী ব্যয় নির্ধারণ হবে। এক্ষেত্রে প্রার্থী প্রতি দেড় লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবে দলগুলো।
আগের আইনে অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ২০০ বা তার বেশি হলে চার কোটি ৫০ লাখ টাকা, ১০০ এর অধিক কিন্তু ২০০ এর কম হলে তিন কোটি টাকা, ৫০ এর বেশি কিন্তু ১০০ এর কম হলে এক কোটি ৫০ লাখ টাকা এবং ৫০ এর কম আসনের ক্ষেত্রে ৭৫ লাখ টাকা ব্যয় করতে পারত।
এর আগে গত ৬ আগস্ট গণপ্রতিনিধিত্ব আদেশের প্রথম সংশোধনী উপদেষ্টা পরিষদের অনুমোদন করা হয় এবং ১৯ আগস্ট তা গেজেট আকারে প্রকাশ করা হয়। এরপর তৃতীয় দফা সংলাপে রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে নির্বাচন কমিশন গত ২৯ সেপ্টেম্বর এ অধ্যাদেশের কয়েকটি ধারায় সংশোধনীর প্রস্তাব করে। এর পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রণালয় সোমবার সংশোধনীসহ নতুন প্রস্তাবটি উপদেষ্টা পরিষদে উপস্থাপন করলে তা চূড়ান্ত অনুমোদন পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমএইচসি/জেকে/এমএইচবি/২৩১৬ ঘ.
bdnews24