ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সাময়িক মুক্তিতে সরকারের অবস্থান বৈধ বলে দাবি করেছেন আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ।
আওয়ামী লীগ সভানেত্রীর মুক্তিতে সরকারের আদেশ নিয়ে রোববার আদালতের তোলা প্রশ্নের বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে আইন উপদেষ্টা এ দাবি করেন।
তবে আদালতের মন্তব্যের বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।
হাসিনার মুক্তির বিষয়ে প্রশ্ন তুলে হাইকোর্ট রোববার বলে, "বিশ্বের কোনও দেশে এ ধরনের নজির আছে কি?"
সোমবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকরা হাসান আরিফের সঙ্গে কথা বলতে চাইলে প্রথমে তিনি রাজি হননি। পরে সাংবাদিকদের প্রশ্ন লিখিত আকারে দিতে বলেন তিনি।
হাসিনার মুক্তির বিষয়ে আদালতের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার বৈধভাবেই নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িক মুক্তি দিয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত ও ব্যাখ্যাও সঠিক ছিল।"
"তবে আদালতের নির্দেশনার বিষয়ে কোনও মন্তব্য করব না', একই সঙ্গে বলেন তিনি।
গত ১১ জুন শেখ হাসিনাকে সাময়িক মুক্তি দেয় সরকার। পর দিন তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। চলতি মাসেই তিনি দেশে ফিরতে পারেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
এদিকে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে হাসিনার মুক্তির মেয়াদ আরও এক মাস বাড়িয়ে ৬ নভেম্বর পর্যন্ত করা হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার দরপত্রসংক্রান্ত ওই সভায় আইন উপদেষ্টা ছাড়াও যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের ও আইন সচিব কাজী হাবিবুল আওয়াল উপস্থিত ছিলেন।
ওই সভার বিষয়বস্তু বা সিদ্ধান্তের জানতে চেয়ে সাংবাদিকদের লিখিত প্রশ্নের কোনও উত্তর দেননি উপদেষ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/এমএইচবি/১৯৫৫ ঘ.
bdnews24