২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের দ্বিতীয় প্রধান মং আই মঙ্গলবার আসছেন

মিয়ানমারের সামরিক জান্তার দ্বিতীয় সর্বোচ্চ নেতা, ভাইস সিনিয়র জেনারেল মং আই তিনদিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসছেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মিয়ানমারের জামি ইজারা নিয়ে চাষাবাদ এবং জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আলোচনার মাধ্যমে দুই দেশের সর্ম্পক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সামরিক জান্তার দ্বিতীয় সর্বোচ্চ নেতা, ভাইস সিনিয়র জেনারেল মং আই তিনদিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসছেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মিয়ানমারের জামি ইজারা নিয়ে চাষাবাদ এবং জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আলোচনার মাধ্যমে দুই দেশের সর্ম্পক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। মিয়ানমারের রাষ্ট্রদূত উপায়থানিও সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান এ আশাবাদ প্রকাশ করেন। পরে প্রধান উপদেষ্টা প্রেসসচিব সৈয়দ ফাহিম মুনয়েম এ সাক্ষাতের ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান। ফাহিম মুনয়েম বলেন, "প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেছেন, ভাইস সিনিয়র জেনারেল মং আইয়ের এই সফর দু'দেশের সর্ম্পককে আরো শক্তিশালী করবে।" দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মিয়ানমারের জামি ইজারা নিয়ে চাষাবাদ এবং জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আঞ্চলিক ফোরাম 'আসিয়ান' এর সদস্য হওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান তিনি। রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টিকে তার দেশ সব সময় অগ্রাধিকার দেয়। ভাইস জেনারেলের এই সফরে দুই দেশের সহযোগিতার পথ আরো প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেন উপায়থানিও। আন্তজার্তিক ও আঞ্চলিক ক্ষেত্রে মিয়ানমারকে সমর্থন দেয়ায় এবং ঘূর্ণিঝড় নার্গিসে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেওয়ায় মিয়ানমার সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। ২০১০ সালে মিয়ানমারে সাধারণ নির্বাচন হবে বলেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন রাষ্ট্রদূত। তিন দিনের এই সফরে ভাইস সিনিয়র জেনারেল মং আইয়ের সঙ্গে মিয়ানমারের মন্ত্রিপরিষদের সাত সদস্য, বিমান ও নৌবাহিনী প্রধানসহ ৫৫ জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমএ/জেকে/এমএইচবি/১৯১০ ঘ.