চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী উপজেলার তালিকাভুক্ত সন্ত্রাসী জিয়াউর রহমান জিয়াকে রোববার বিকালে চট্টগ্রাম নগরীতে গ্রেপ্তার করেছে র্যাব। এরপর তার দেওয়া তথ্যে কক্সবাজারের চকরিয়া থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তিনটি হত্যা মামলার পলাতক আসামি জিয়াকে রোববার বিকালে নগরীর নিউ মার্কেট মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, "পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত দেড়টার দিকে চকরিয়ার রামপুর গুরঘাটা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।"
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে- একটি নাইন এমএম পিস্তল, দুটি এলজি, একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি পয়েন্ট টু টু বোরের রিভলবার, রাইফেলের সাত রাউন্ড গুলি, এসএমজির পাঁচ রাউন্ড গুলি এবং বন্দুকের তিন রাউন্ড কার্তুজ।
র্যাব কর্মকর্তা শরীফ বলেন, "জিয়া মহেশখালী উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করে। 'জিয়া বাহিনী' নামে একটি সন্ত্রাসী দল তৈরি করে সে ওই এলাকায় চিংড়ি ঘের ও জায়গা-জমি দখল নিয়ে নানারকম সন্ত্রাসী কার্যক্রম চালাত। জরুরি অবস্থা জারির পর সে আত্মগোপনে থেকেও সন্ত্রাসী কার্যক্রমে মদত দিত। "
জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র্যাব জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩১৩ ঘ.
bdnews24